Shubhranshu Roy’s Wife: নেপালের বিপর্যয়ে মৃত্যু মুকুল রায়ের পুত্রবধুর? তালিকা প্রকাশ নেপাল সরকারের, কী জানালেন শুভ্রাংশু? | Mukul Roy’s Daughter in Law Sharmistha Listed Among 213 Missing Indians in Nepal, Shubhranshu Refuses to Accept Her Death
শুভ্রাংশু রায় ও শর্মিষ্ঠা ভৌমিক রায়Image Credit: Tv9 Bangla
ব্যারাকপুর: নেপালের ভয়াবহ হড়পা বানের পর তিন মাস পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এরই মধ্যে নেপালের বিপর্যয়ে নিখোঁজদের মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে শর্মিষ্ঠারও। তবে, স্ত্রীকে মৃত বলে মানতে নারাজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। তাঁর দাবি, শর্মিষ্ঠা এখনও বেঁচে রয়েছেন। তাঁর ফিরে আসার আশাতেই দিন গুনছে পরিবার।
কী জানিয়েছে নেপাল সরকার?
নেপালের বিপর্যয়ে ২১৩ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজদের মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। সম্প্রতি, নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ (NDRRMA)। সেই তালিকায় ১৭৮ নম্বরে রয়েছে শর্মিষ্ঠার নাম। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, নাম নিয়ে কোনও তথ্য, বক্তব্য কিংবা আপত্তি থাকলে জানাতে হবে। পরিবারের বক্তব্য জানার পরই মৃত বলে ঘোষণা করা হবে।
কী জানিয়েছেন শুভ্রাংশু?
তবে এখনও পর্যন্ত শর্মিষ্ঠার কোনও খোঁজ পাননি শুভ্রাংশু। তাহলে কি মৃত্যু হয়েছে মুকুল রায়ের পুত্রবধূর? যদিও তা মানতে নারাজ শুভ্রাংশু। নিখোঁজদের খোঁজে যথাযথ তল্লাশি চালানো হয়েছে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কোনও নিশ্চিত তথ্য ছাড়া কীভাবে তাঁদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নেপাল সরকারের প্রকাশিত তালিকায় নাম থাকলেই স্ত্রীকে মৃত বলে মেনে নিতে রাজি নন শুভ্রাংশু। তাঁর বক্তব্য, শর্মিষ্ঠার সন্ধান না পাওয়া পর্যন্ত তাঁর ফিরে আসার আশা ছাড়বেন না।
শুভ্রাংশু বলেন, “কিছুদিন আগে নেপাল সরকার নিখোঁজদের একটা তালিকা প্রকাশ করেছিল। সেখানে ভারতীয়দের কোনও নাম ছিল না। আবার একটা তালিকা তৈরি বের করা হয়েছে। সেখানে ১৭৮ নম্বরে নাম রয়েছে। কোন হিসেবে এই তালিকা প্রকাশ হচ্ছে?কীভাবে সার্চ অপারেশন হচ্ছে, কোনওটাই আমাদের জানা নেই। তাঁরা যে নেপালেই আছেন, তার নিশ্চয়তা কী? তাঁরা তীব্বত সীমান্তে চলে গিয়েছিল কি না, তার কোনও ডকুমেন্টস বারবার চেয়েও আমরা পাইনি। আমার মনে আরও খোঁজার প্রয়োজন রয়েছে। এমন কোনওরকম তথ্য নেই যে তাঁদের মৃত বলে প্রমাণ করা যাবে।”
প্রসঙ্গত, আগে নেপালে কোনও নিখোঁজ ব্যক্তিকে আইনিভাবে মৃত ঘোষণা করতে দীর্ঘ ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হত। তবে সম্প্রতি আইন সংশোধন করে সেই সময়সীমা কমিয়ে ছয় সপ্তাহ করা হয়েছে। নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগের দাবি, নিখোঁজদের সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করার পরেই মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।