অনুষ্ঠান চলাকালীন আচমকা মুখে ড্রোনের আঘাত, ‘ধুরন্ধর’ গায়িকার ভিডিয়ো ভাইরাল
একের পর এক সুপারহিট গানে পারফর্ম করছেন সেই সময়ে। ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ গানের মাঝেই হঠাৎ বিপত্তি। মুখে এসে ধাক্কা মারল ড্রোন। আতঙ্কের বশবর্তী হয়ে মঞ্চ ছাড়লেন রেবল। গুয়াহাটির সেই অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ড্রোনের আঘাতে হকচকিয়ে যান রেবল। একেবারে কাঁপতে কাঁপতে মঞ্চ থেকে নেমে যেতে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মেঘালয়ের শিল্পী রেবলর আসল নাম দায়ইফা লামারে। তাঁর কণ্ঠে ‘ধুরন্ধর’ সিনেমার ‘রান ডাউন দ্য সিটি’, ‘মণিকা’ এবং ‘নাল নচনা’র মতো গান মুগ্ধ করেছে শ্রোতাদের। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, গান গাওয়ার পাশাপাশি নাচ করছিলেন রেবল। তখনই একটি ড্রোন তাঁর মুখে এসে ধাক্কা মারে। যে ঘটনায় চমকে যান শিল্পী।
যদিও এখনও পর্যন্ত রেবলের টিমের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে লাইভ কনসার্টে শিল্পীর নিরাপত্তা।