I League থেকে দল তুলে নিচ্ছে মহামেডান স্পোর্টিং, কেন?
ভাঁড়ারের অবস্থা এতটাই করুণ যে ফুটবল টিম চালানোই যাচ্ছে না। যার জেরে ইন্ডিয়ান ফুটবল লিগ (আই লিগ) থেকে নাম তুলে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মরশুমে তারা লিগের বাকি ম্যাচে আর দল নামাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে এই বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। শুক্রবার ক্লাব তাঁবুতে সদস্য সমর্থকদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেন ক্লাব কর্তারা। মহামেডানের সচিব ওয়াসিম আক্রম বলেছেন, ‘আগের কমিটি আমাদের ঘাড়ে ৭০ কোটি টাকা দেনা চাপিয়ে গিয়েছে। এ সব শোধ করে এখন টিম চালানো আর সম্ভব নয়।’ কর্তারা ফুটবলারদের বলে দিয়েছেন, জানুয়ারি উইন্ডোতে অন্য ক্লাব দেখে নেওয়ার জন্য।