স্ত্রীকে হারিয়ে জঙ্গলে ঠাঁই, ৭৫-এ বৃদ্ধাশ্রমেই বিয়ের পিঁড়িতে কানাইয়া - 24 Ghanta Bangla News
Home

স্ত্রীকে হারিয়ে জঙ্গলে ঠাঁই, ৭৫-এ বৃদ্ধাশ্রমেই বিয়ের পিঁড়িতে কানাইয়া

Spread the love

জীবনের শেষ অধ্যায়ে এসে আর নতুন করে কাউকে পাওয়ার আশা করেননি হয়তো। একসময় স্ত্রীকে হারিয়ে একাকিত্ব আর শোক তাঁকে এমন ভাবে গ্রাস করেছিল যে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে থাকতে শুরু করেছিলেন। দিনের পর দিন কেটেছে নিঃসঙ্গতায়। সেখান থেকে উদ্ধার করে তাঁকে নিয়ে আসা হয়েছিল বৃদ্ধাশ্রমে। কিন্তু কে জানত, জীবনের সেই আশ্রয়েই অপেক্ষা করছে নতুন এক সম্পর্ক। ৭৫ বছর বয়সে এসে অবশেষে সঙ্গী পেলেন হিমাচল প্রদেশের মান্ডির বাসিন্দা কানাইয়া লাল। আর তাঁর জীবনসঙ্গী হলেন ৬৩ বছরের সাবিনা। বুধবার বৃদ্ধাশ্রমেই চার হাত এক হলো দু’জনের।

শোক থেকে নতুন জীবনের পথে

হিমাচল প্রদেশের মান্ডি জেলার সেরাজ এলাকার থুনাগ গ্রামের বাসিন্দা কানাইয়া লাল। প্রায় তিন বছর ধরে তিনি বিলাসপুর জেলার দয়োলির ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে রয়েছেন। সেখানকার এক আধিকারিকের বক্তব্য, স্ত্রীর মৃত্যুর পরে গভীর মানসিক আঘাত পেয়েছিলেন কানাইয়া। সেই শোক সামলাতে না পেরে বাড়ি ছেড়ে জঙ্গলে থাকতে শুরু করেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। সেখানেই ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরেন তিনি।

কলকাতা থেকে হিমাচল, সাবিনার জীবনেও ছিল একাকিত্ব

৬৩ বছরের সাবিনার বাড়ি কলকাতায়। কয়েক বছর আগে তিনি ওই বৃদ্ধাশ্রমে এসেছিলেন। বৃদ্ধাশ্রমের এক কর্মকর্তা জানান, সাবিনা যখন ওই আশ্রমে এসেছিলেন, তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। নিজের সম্পর্কেও তেমন কিছু বলতে পারতেন না। তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

বৃদ্ধাশ্রমেই বন্ধুত্ব, তার পরে বিয়ে

একই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে কানাইয়া ও সাবিনার বন্ধুত্ব হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর সম্পর্কে পরিণত হয়। এর পরে দু’জনেই সিদ্ধান্ত নেন, জীবনের বাকি দিনগুলি একসঙ্গে কাটাবেন। তাঁদের সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় বিয়ের।

মঙ্গলবার সন্ধ্যায় হয় গায়ে হলুদের অনুষ্ঠান। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মালাবদলের মাধ্যমে শুরু হয় বিয়ে। কানাইয়ার পরনে ছিল শেরওয়ানি, আর লাল শাড়িতে সেজেছিলেন সাবিনা। উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলাশাসক কিরণ ভাদানা-সহ প্রশাসনিক আধিকারিক ও বৃদ্ধাশ্রমের সদস্যরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারও দেন জেলাশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *