দিঘার জগন্নাথ মন্দির থেকে বাদ ‘ধাম’! শুভেন্দুকে ধন্যবাদ দিয়ে মমতাকে তোপ ওড়িশার মুখ্যমন্ত্রীর

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ওড়িশাবাসী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জগন্নাথ ভক্তদের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজমাধ্যম এক্স-এ (X) পোস্ট করে এই পদক্ষেপের জন্য শুভেন্দু অধিকারীকে আন্তরিক কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
কী হল নতুন নাম?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠি অনুযায়ী, এখন থেকে দিঘার গোটা কমপ্লেক্সটি পরিচিত হবে ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ নামে এবং এর ভেতরের মূল মন্দিরটির নাম হবে ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির’। শুভেন্দুর মতে, এই নতুন নামকরণ যেমন মন্দিরের পবিত্রতা রক্ষা করবে, তেমনই প্রকল্পের বৃহত্তর সাংস্কৃতিক চরিত্রকেও তুলে ধরবে। এর ফলে বাংলা ও ওড়িশার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মোহনচরণ মাঝির প্রতিক্রিয়া ও মমতাকে নিশানা
বৃহস্পতিবার শুভেন্দুর চিঠির প্রাপ্তিস্বীকার করে এক্স-এ একটি দীর্ঘ পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুলে তিনি লেখেন, ‘‘মহাপ্রভু শ্রীজগন্নাথ বিশ্বের আধ্যাত্মিক আত্মা এবং আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পূর্বতন পশ্চিমবঙ্গ সরকার শ্রীক্ষেত্রের অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে পবিত্র ‘জগন্নাথ ধাম’ নামটি ব্যবহার করায় কোটি কোটি ভক্তের ভাবাবেগে গভীর আঘাত লেগেছিল।’’
বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করে মাঝি আরও লেখেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত যে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দিঘার মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সরকারি নিশ্চয়তা দিয়েছেন। তাঁর এই সংবেদনশীলতা ও দ্রুত পদক্ষেপের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’’ ওড়িশা ও পশ্চিমবঙ্গের দুই বিজেপি সরকারের সমন্বয় এবং সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার জেরেই এই সমাধান সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
বিতর্কের প্রেক্ষাপট
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মিত দিঘার মন্দিরকে ‘ধাম’ বলা নিয়ে দীর্ঘদিন ধরেই ধর্মীয় ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর গত জুন মাসে ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিপত্র নিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। সেই বৈঠকের পরই শাস্ত্র ও অভিধানের ব্যাখ্যা তুলে ধরে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা করেছিলেন শুভেন্দু। এবার সরকারি চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিয়ে দীর্ঘদিনের বিতর্কে দাঁড়ি টানল রাজ্য সরকার।
২৬/১১ চার্জশিটের ‘২০ নম্বর অভিযুক্ত’! কাসভদের প্রশিক্ষণ দেওয়া সেই ‘মেজর জেনারেল সাহেব’ কে?
বাংলায় ‘ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন’ ছুটবে, পরিকাঠামোয় বিপুল অর্থের আশ্বাস গড়করির