জনমতের চাপে ইউ-টার্ন! ২০২৭-এ দু’ঘণ্টা পিছিয়ে পুরোনো টাইম জোনেই ফিরছে গ্রিনল্যান্ড

গ্রিনল্যান্ড: ইউরোপের সঙ্গে ব্যবসায়িক ও বিমান যোগাযোগের সুবিধা বাড়াতে তিন বছর আগে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছিল গ্রিনল্যান্ড। কিন্তু সকালের আলো দেরিতে ফোটার জেরে দৈনন্দিন রুটিন ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় প্রবল জনমতের চাপে অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এল দেশটি। গ্রিনল্যান্ডের পার্লামেন্ট (ইনাতসিসারতুত)-এর সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৩১ অক্টোবর (রবিবার) রাজধানী নুক-সহ দেশের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টার বদলে দু’ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে এবং ফের পুরোনো ‘ইউটিসি-৩’ (UTC−3) মানক সময়ে ফিরে যাওয়া হবে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে ডেনমার্ক ও ইউরোপের বাকি অংশের সঙ্গে সময়ের ব্যবধান এক ঘণ্টা কমাতে মানক সময় ইউটিসি-৩ থেকে ইউটিসি-২ করার সিদ্ধান্ত নিয়েছিল গ্রিনল্যান্ড, যা ২০২৩ সালে কার্যকর হয়। কিন্তু এর পরেই দেশজুড়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। নাগরিকদের অভিযোগ ছিল, এই পরিবর্তনের ফলে সকালবেলা দীর্ঘক্ষণ অন্ধকার থাকছে, যা ঘুম, স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। প্রায় ৫৭ হাজার জনসংখ্যার এই দেশে পুরোনো সময়ে ফেরার দাবিতে ২০২৪ সালে প্রায় ২,৭০০ এবং ২০২৬ সালে চার হাজারেরও বেশি মানুষ পিটিশনে স্বাক্ষর করেন।
জনমতের এই প্রবল চাপের মুখে বিরোধী দল সিউমুত ও নালেরাকের পাশাপাশি শাসক জোটের দল ডেমোক্রাতিট, ইনুইত আতাকাতিগিত (IA) এবং আতাসুতও পুরোনো সময় ইউটিসি-৩ ফিরিয়ে আনার পক্ষে মত দেয়। গত ১২ নভেম্বর পার্লামেন্টে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদিও প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন সতর্ক করে জানিয়েছিলেন, এর ফলে ইউরোপের সঙ্গে ব্যবসায়িক সময় কমবে, বিমান সংস্থাগুলির খরচ বাড়বে এবং ডেনমার্কের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সমন্বয়ে সমস্যা হতে পারে। তবে পার্লামেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সরকার তা কার্যকর করবে বলেই আশ্বস্ত করেছেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ অক্টোবর থেকে গ্রিনল্যান্ডে মানক সময় হবে ইউটিসি-৩ এবং ডেলাইট সেভিং টাইম (DST) বা গ্রীষ্মকালীন সময় থাকবে ইউটিসি-২। তবে পিটুফিক স্পেস বেস এবং ডেনমার্কশাভন অঞ্চল, যেখানে আলাদা সময়সূচি চলে, সেখানে এই পরিবর্তন প্রযোজ্য হবে না। ইউরোপীয় ইউনিয়ন যতদিন না ঋতুভিত্তিক ঘড়ির কাঁটা পরিবর্তনের (DST) প্রথা বাতিল করছে, ততদিন ডেনমার্কের সঙ্গে সময়ের ব্যবধান সামঞ্জস্যপূর্ণ রাখতে গ্রিনল্যান্ডেও এই ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে বিকেলের আলো এক ঘণ্টা কমলেও, গ্রিনল্যান্ডবাসীর বহুদিনের দাবি মেনে সকালের আলো ফের দ্রুত ফিরতে চলেছে।
হিন্দু রাষ্ট্র নেপালে মন্দির প্রাঙ্গনে সাধুকে ধর্মান্তকরণ করতে গিয়ে নাকাল মিশনারি
সিন্ধু ভাগের প্রস্তাবে উত্তাল পাকিস্তান, করাচিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ!