Bangladesh: মজুরি বাড়ল, তারপরও একের পর এক কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি! না খেয়েই থাকবে গরিব শ্রমিকরা? | Bangladesh Unrest: Minimum Wage Hiked from 12500 taka to 17000 Taka, But Workers are still Protesting in Bangladesh
উত্তাল বাংলাদেশ।Image Credit: PTI
ঢাকা: মজুরি বাড়ল, কিন্তু আন্দোলন থামল না। মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে নেমেছিল। মঙ্গলবার রাতে মজুরি বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে তারপরও আন্দোলন থামেনি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশের গাজীপুরের ৩৫টি কারখানা। আরও বেশ কয়েকটি জেলায় কারখানা বন্ধ রাখা হচ্ছে। কবে খুলবে কেউ জানে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশের অর্থনীতি বস্ত্র শিল্পের উপরেই নির্ভরশীল। আমেরিকা, ইংল্যান্ড সহ প্রথম বিশ্বের দেশগুলির নামী-দামি ব্রান্ডের কারখানা বাংলাদেশে। সেই দেশের মানুষদের কাছেও ভরসা এই কারখানাই। সেখানে কারখানাই তালাবন্দি হলে, তাদের রুজিরুটি নিয়েই টানাটানি পড়ে যাবে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক চলছিল। মঙ্গলবারই রাতে মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। ঘোষণা করা হয়, পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হচ্ছে। এর মধ্যে
- চতুর্থ গ্রেড: হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২,৫০০ টাকা থেকে বেড়ে ১৭,০০০ টাকা করা হয়েছে।
- তৃতীয় গ্রেড: জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি ১৩,৫৫০ টাকা থেকে বেড়ে ১৯,২০০ টাকা হয়েছে।
- দ্বিতীয় গ্রেড: সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরদের মজুরি ১৪,২৭৩ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হয়েছে।
- প্রথম গ্রেড: সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ১৫,০৩৫ টাকা থেকে বেড়ে ২১,৫০০ টাকা হয়েছে।
তবে মজুরি বৃদ্ধির ঘোষণার পরও আন্দোলন থামেনি। বুধবার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও শ্রমিকদের। হেমায়েতপুরে রাস্তা অবরোধ করার চেষ্টা করে শ্রমিকরা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি- পাল্টা ইট বৃষ্টি চলে। শেষে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
জানা গিয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।