Supreme Court: মাধ্যমিকের পাস সার্টিফিকেটের পাশাপাশি অ্যাডমিট কার্ডও গ্রহণ হবে, SIR মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court Orders Madhyamik Admit Card also Accepted in SIR Process in West Bengal
এসআইআরে গ্রহণ হবে অ্যাডমিট কার্ডও।Image Credit: TV9 বাংলা
নয়া দিল্লি: এসআইআর মামলায় সুপ্রিম সিদ্ধান্ত, গ্রহণ হবে আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মঙ্গলবারই শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। এ দিন সুপ্রিম কোর্টে ফের মেনশন করা হয় পশ্চিমবঙ্গের এসআইআর মামলা। বলা হয়, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নথি জমা পড়েছে, সেই সব নথি আগামিকাল বিকেল ৫টার মধ্যে প্রিসাইডিং অফিসারের হাতে হস্তান্তর করবেন ইআরও (ERO) এবং এইআরও(AERO)-রা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে মাধ্যমিকের পাস সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে। বয়স এবং অভিভাবকত্বের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড জমা নেওয়া যাবে। শীর্ষ আদালত উল্লেখ করে দেয় যে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নথি জমা পড়েছে, সেটিই গ্রহণ হবে।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড-কে গ্রহণযোগ্য নথি হিসেবে স্বীকার করতে আপত্তি করেন নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু।এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের কথা বলা হয়েছিল, কারণ মাধ্যমিক পাস সার্টিফিকেটে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী আছে, তার সম্পর্কে বাংলার বিচারকরা অবগত। তাই সেই নথির কথা বলা হয়েছে।”
পাল্টা কমিশনের আইনজীবী বলেন, “কিন্তু আধারের মতোই স্ট্যান্ড অ্যালোন নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে না।”
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা মাধ্যমিক পাস সার্টিফিকেটের কথা উল্লেখ করিনি, কারণ সেটা বাকি নথির মধ্যে রয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে সাপ্লিমেন্ট করবে।” আইনজীবী নাইডু তার জবাবে বলেন, “সাপ্লিমেন্ট করবে, এস্টাবলিশ করবে না”। আইনজীবী গোপাল সুব্রমণ্যম বলেন, “মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাঁদের কাছেও থাকে, যাঁরা মাধ্যমিকে বসেছেন কিন্তু পাশ করেননি।”
বিচারপতি বাগচি এর জবাবে বলেন, “সেটা কাট অফকে মিট করে না।”
এরপরই নথি জমা দেওয়া এবং মাধ্যমিকের পাস সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ।