South 24 Parganas: পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা হল থেকে ৮.৪৮-এ বাড়িতে গেল ফোন… এক লহমায় সব শেষ… – Bengali News | Student dies while taking exam in Kodalia
দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের বার্ষিক পরীক্ষা হচ্ছে। বুধবারও পরীক্ষা ছিল। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছিল পৃথ্বীরাজ। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই স্কুল থেকে আসে একটা ফোন! আর তাতে এক লহমায় গোটা পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল পৃথ্বীরাজের বাবা-মায়ের কাছে। পরীক্ষার দিনই মর্মান্তিক মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের। ছাত্রের নাম পৃথ্বীরাজ হালদার। স্কুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চোদ্দোর পৃথ্বীরাজ প্রতিদিনের মতো বুধবারও সকাল ৮টায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ একটি ফোন আসে বাড়িতে। তড়িঘড়ি করে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, পৃথ্বীরাজ ছোটবেলা থেকেই বেসরকারি ওই স্কুলেই পড়ত। নার্সারি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে সে। মৃত ছাত্রের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তিন ছেলের মধ্যে পৃথ্বীরাজই ছিল সবচেয়ে ছোট। ঘটনার পর স্কুলের পক্ষ থেকে কোনওরকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাবা। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।