ছাত্রদের বিধানসভা অভিযানে লাঠি! আজ ঝাড়খণ্ড বনধের ডাক বিজেপির - 24 Ghanta Bangla News
Home

ছাত্রদের বিধানসভা অভিযানে লাঠি! আজ ঝাড়খণ্ড বনধের ডাক বিজেপির

Spread the love

রাঁচি: নিয়োগ দুর্নীতিতে উত্তাল ঝাড়খণ্ড। বিধানসভা অভিযানে যাওয়া চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে মঙ্গলবার (১১ অগস্ট) রাজ্যব্যাপী বনধের ডাক দিল বিজেপি।…

রাঁচি: নিয়োগ দুর্নীতিতে উত্তাল ঝাড়খণ্ড। বিধানসভা অভিযানে যাওয়া চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে মঙ্গলবার (১১ অগস্ট) রাজ্যব্যাপী বনধের ডাক দিল বিজেপি। সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বনধ চলবে বলে জানিয়েছে পদ্ম-শিবির। যদিও শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) এই বনধকে নিছকই ‘রাজনৈতিক চমক’ বলে কটাক্ষ করেছে এবং জনজীবনে এর কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছে।

গত ২৫ জুলাই থেকে জেএসএসসি-সিজিএল (JSSC-CGL) এবং জেপিএসসি (JPSC) পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সোমবার সেই আন্দোলন চরম আকার নেয়। হাজার হাজার পরীক্ষার্থী বাদল অধিবেশন চলাকালীন বিধানসভা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, চলে ব্যাপক লাঠিচার্জও। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহুর অভিযোগ, পুলিশের মারে মহিলা-সহ শত শত পড়ুয়া আহত হয়েছেন। সরকার পড়ুয়াদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে। পাল্টা পুলিশের দাবি, ইটবৃষ্টিতে তাঁদের ১৪ জন কর্মী আহত হয়েছেন।

সোমবারই ৫১ বছরে পা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই উত্তেজনার আবহে তিনি পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ দেখানোর অধিকার সকলের রয়েছে। সরকার অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে পড়ুয়াদের দাবি খতিয়ে দেখবে।” পাশাপাশি, বিরোধী দলগুলি রাজনৈতিক ফায়দা তুলতে পড়ুয়াদের বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, পুলিশের এই লাঠিচার্জের কড়া নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে শাসকজোটের শরিক দল কংগ্রেসের নেতার এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা। তাঁর কটাক্ষ, রাহুলের এই বক্তব্য আসলে কংগ্রেসের ‘দ্বিচারিতা’।

অন্য দিকে, এই নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি, ঝাড়খণ্ড সিআইডি-র হাতে গ্রেফতার হয়েছেন জেপিএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব এল খিয়াংতে। এই নিয়ে নিয়োগ দুর্নীতিতে মোট ২০ জনকে গ্রেফতার করল সিআইডি। রাজ্য সরকার ইতিমধ্যে ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিলেও সিজিএল পরীক্ষা বাতিলের দাবি মানতে নারাজ। সরকারের তরফে অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি নজরদারি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন পড়ুয়ারা। তাঁরা সিবিআই (CBI) তদন্তের দাবিতেই অনড়।

এরই মাঝে টানা ন’দিন ধরে অনশনে থাকা ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। রক্তে শর্করার মাত্রা মারাত্মক ভাবে কমে যাওয়ায় তাঁকে রাঁচী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানালেও সোমবার অ্যাম্বুল্যান্সে করে এসে স্ট্রেচারে শুয়েই বিধানসভা অভিযানে যোগ দেন ওই ছাত্রনেতা। সব মিলিয়ে, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে পড়ুয়াদের এই আন্দোলন এখন শাসক-বিরোধীর সর্বাত্মক রাজনৈতিক সংঘাতে পরিণত হয়েছে।

অডিটে নেই দুর্নীতির প্রমান! রাম মন্দির ট্রাস্টে কোনও গন্ডগোল নেই সাফ করল কর্তৃপক্ষ

৮০ তম স্বাধীনতা দিবসে প্রথমবারের জন্য লালকেল্লায় প্রাচীরে ধ্বনিত হতে চলেছে ‘বন্দে মাতরম’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *