শুধু ওভারির রোগ নয়! PCOS বদলে হয়েছে PMOS, কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন? | PCOS Renamed to PMOS Worldwide: Why the Name Changed and What Patients Must Know - 24 Ghanta Bangla News
Home

শুধু ওভারির রোগ নয়! PCOS বদলে হয়েছে PMOS, কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন? | PCOS Renamed to PMOS Worldwide: Why the Name Changed and What Patients Must Know

Spread the love

শুধু ওভারির রোগ নয়! PCOS বদলে হয়েছে PMOS, কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন?

কী বলেছেন চিকিৎসক?Image Credit: Magnific

পিরিয়ডের তারিখ পিছিয়ে যাচ্ছে? খাওয়া-দাওয়া একই থাকলেও হঠাৎ ওজন বাড়ছে, কিংবা মুখে বেরোচ্ছে একগাদা ব্রণ? আজকাল অল্প বয়সি মেয়েদের এই সমস্যাগুলো দেখলেই একটা নাম সবার আগে মাথায় আসে, পিসিওএস (PCOS)। কিন্তু বহুল চর্চিত এই রোগের নামটাই এবার বিশ্বজুড়ে বদলে গিয়েছে। এর নতুন পরিচয় পিএমওএস (PMOS)।

২০২৬ সালের মে মাসে বিশ্বের তাবড় চিকিৎসক ও গবেষকদের সম্মতিতে এই নামবদলের সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন (ASRM) এবং এন্ডোক্রাইন সোসাইটির মতো আন্তর্জাতিক সংস্থাও এতে সিলমোহর দিয়েছে। সমীক্ষা বলছে, বিশ্বে প্রতি আটজন মহিলার মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন।

কিন্তু হঠাৎ কেন বদলে গিয়েছে বহুদিনের চেনা নাম? সম্প্রতি একটি ভিডিয়োর মাধ্যমে গোটা বিষয়টি সহজ করে বুঝিয়েছেন ইন্দোরের প্রবীণ স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (Senior Gynaecologist & Obstetrician) ডঃ সুস্মিতা মুখোপাধ্যায়।

কী বলেছেন তিনি?

ডঃ মুখোপাধ্যায় জানাচ্ছেন, এতদিন বেশিরভাগ রোগীই ভাবতেন পিসিওএস মানেই শুধু ডিম্বাশয় বা ওভারির সমস্যা। কিন্তু বাস্তবটা আলাদা। এই রোগ শরীরের একাধিক অংশকে একসঙ্গে কাবু করে। তাই শুধু ওভারির চিকিৎসা করলে মূল সমস্যা থেকেই যায়। সেই কারণেই নতুন নাম রাখা হয়েছে ‘পলি-এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম’ বা পিএমওএস।

নামের তিনটি অংশেই লুকিয়ে আছে রোগের আসল চরিত্র। প্রথমত, পলি-এন্ডোক্রাইন, অর্থাৎ শরীরের একাধিক হরমোন গ্রন্থি এখানে একসঙ্গে বিগড়ে যায়। দ্বিতীয়ত, মেটাবলিক, এর ফলে ইনসুলিনের সমস্যা, ডায়াবেটিস, পেটের ভেতর চর্বি জমা এবং ফ্যাটি লিভারের মতো রোগ বাসা বাঁধে। আর তৃতীয়ত, ওভারিয়ান, যেখানে সোনোগ্রাফি করলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট দেখা যায়।

নাম বদলে লাভ কী?

চিকিৎসকের কথায়, এতদিন পিসিওএস হলেই শুধু পিরিয়ড নিয়মিত করার দিকে নজর থাকত। কিন্তু নাম বদলানোর ফলে এখন রোগী ও চিকিৎসক, দু’জনেই গোটা শরীরের কথা ভেবে চিকিৎসা করবেন। এতে রোগ ধরা পড়বে আরও নিখুঁতভাবে, আর সুস্থ হওয়াও হবে অনেক সহজ।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

  • শরীরে নিচের লক্ষণগুলো দেখলে মোটেও অবহেলা করবেন না—
  • টানা দুই-তিন মাস পিরিয়ড অনিয়মিত হলে বা একেবারেই বন্ধ থাকলে।
  • কোনও কারণ ছাড়াই হঠাৎ ওজন বাড়তে থাকলে, বিশেষ করে পেটের মেদ জমলে।
  • মুখ, চিবুক বা শরীরের অন্য অংশে অবাঞ্ছিত লোম এবং একগুঁয়ে ব্রণ দেখা দিলে।
  • অতিরিক্ত চুল পড়লে কিংবা ঘাড়ের ভাঁজে কালচে দাগ পড়লে।

এই ধরনের উপসর্গ চোখে পড়লেই দেরি না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে ধরা পড়লে জীবনযাপনে সামান্য বদল আর চিকিৎসায় এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *