মৃত্যুর পরেও অসম্মান! পাকিস্তানে হিন্দুর শবযাত্রা আটকালেন প্রভাবশালী জমিদার - 24 Ghanta Bangla News
Home

মৃত্যুর পরেও অসম্মান! পাকিস্তানে হিন্দুর শবযাত্রা আটকালেন প্রভাবশালী জমিদার

Spread the love


পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বৈষম্য ও নিপীড়নের (Hindu Funeral)অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার যে অমানবিক ঘটনার ছবি সামনে এসেছে, তা সভ্য সমাজের বিবেককে…

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বৈষম্য ও নিপীড়নের (Hindu Funeral)অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার যে অমানবিক ঘটনার ছবি সামনে এসেছে, তা সভ্য সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জীবিত অবস্থায় তো বটেই, এবার মৃত্যুর পরও চরম অসম্মানের শিকার হতে হল পাকিস্তানের এক সংখ্যালঘু হিন্দু পরিবারকে।

অভিযোগ উঠেছে, স্থানীয় এক প্রভাবশালী মুসলিম জমিদার ওই হিন্দু পরিবারের শবযাত্রাকে সাধারণ হাঁটার পথ বা মেঠো রাস্তা ব্যবহার করতে বাধা দেন। ফলে নিরুপায় হয়ে শোকাতুর পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ কাঁধে নিয়ে কর্দমাক্ত ও অসমান ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হন।

আরও দেখুনঃ সিন্ধু ভাগের প্রস্তাবে উত্তাল পাকিস্তান, করাচিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ!

সাম্প্রতিক এই ঘটনার ভিডিও এবং তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যাচ্ছে, শোকসন্তপ্ত পরিবারের কয়েকজন সদস্য বাঁশের মাচায় বাঁধা একটি মরদেহ কাঁধে নিয়ে অত্যন্ত কষ্টকরভাবে চাষের জমির আল ও ফসলের ক্ষেত পেরিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী হিন্দু পরিবারটির অভিযোগ, শ্মশানে যাওয়ার যে প্রচলিত সাধারণ পায়ে হাঁটার পথটি রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী জমিদার সেটি আটকে দেন।

তিনি কোনোভাবেই সেই রাস্তা দিয়ে হিন্দুদের শবযাত্রা নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই জমিদারের মন গলেনি। (Hindu Funeral )শেষ পর্যন্ত প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করার তাগিদে কোনো উপায় না দেখে তাঁরা ফসলের ক্ষেতের ভেতর দিয়েই শবদেহ বয়ে নিয়ে যেতে বাধ্য হন।

মানবাধিকার কর্মীদের মতে, পাকিস্তানের গ্রামীণ এলাকাগুলিতে সামন্ততান্ত্রিক জমিদারি প্রথা এবং ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দাপট এতটাই প্রবল যে, সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন প্রতিনিয়ত মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সংখ্যালঘুদের শ্মশানঘাট বা কবরস্থানের জমির অভাব এবং সেখানে যাওয়ার রাস্তা নিয়ে প্রায়শই এমন অমানবিক বাধার সম্মুখীন হতে হয়।

ইতিপূর্বেও পাকিস্তানের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের শেষকৃত্যে বাধা দেওয়া কিংবা শ্মশানের জমি দখল করে নেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।এই ঘটনার পর আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন মানবাধিকার সংগঠনগুলি।

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) সহ বিশ্বজুড়ে মানবাধিকার নিয়ে সরব সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করে নেটিজেন এবং সমাজকর্মীরা প্রশ্ন তুলেছেন একজন মৃত মানুষের শেষযাত্রার সম্মানটুকুও যদি কেড়ে নেওয়া হয়, তবে এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর কী হতে পারে?

পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকারের কথা কাগজে-কলমে লেখা থাকলেও, বাস্তবে প্রশাসনের উদাসীনতা এবং স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্ম্যে সংখ্যালঘুরা যে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, এই ঘটনা আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *