বঙ্গে গোহত্যা বন্ধে বলবৎ হচ্ছে ১৯৫০-এর আইন, বিধানসভায় বিল প্রস্তাবের ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

বঙ্গে গোহত্যা বন্ধে বলবৎ হচ্ছে ১৯৫০-এর আইন, বিধানসভায় বিল প্রস্তাবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

এই সময়: বাংলায় গোহত্যা পুরোপুরি বন্ধ করতে বিধানসভায় বিল আনা হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ কোথাও কোথাও গোহত্যা চলছে। তাঁর কথায়, ‘কোনওভাবেই রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেওয়া হবে না। আইন দেখছি। এ বিষয়ে বিল আনা হবে।’

পাশাপাশি, রাজ্যে বয়স্ক গোরুর লালনপালনের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় সরকারের ‘গোকুল মিশন’ প্রকল্পও রাজ্যে চালু হবে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, আইন থাকার পরেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। এ সব চলবে না। এ নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের কথাও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এ সব করতে দেবো না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেবো।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘আইন তো আছে। হাওড়া বা বাঁকুড়ার কিছু লোক করছিল। লুকিয়ে করতে গিয়ে ধরা পড়লে ফল ভুগতে হবে। বারুইপুরেও দুটো খোলা শপ ছিল, তৎক্ষণাৎ পুলিশ ব্যবস্থা নিয়েছে। লক অ্যান্ড কি করে দিয়েছে।’

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বিজেপি সরকার পশুহত্যা সংক্রান্ত আইন কার্যকর করে। ১৯৫০–এর প্রাণিসম্পদ আইন বলবত করা হয়। এ নিয়ে গত ১৩ মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই আইন আনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। তা ছাড়াও মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দপ্তরের লিখিত অনুমতির কথাও বলা হয়েছে।

শুভেন্দু এ দিন স্পষ্ট জানিয়ে দেন, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এ ব্যাপারে গাইডলাইন প্রকাশ করবে। তিনি বলেন, ‘রাজ্য মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের গোকুল মিশন চালুর সিদ্ধান্ত নিল। যারা বয়স্ক গোরু এবং অসুস্থ গোমাতাদের সেবাযত্ন এবং রক্ষণাবেক্ষণ করবেন, তাঁদের বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আমাদের সরকার পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে।’ তা হলে স্লটার হাউসগুলি কী ভাবে চলবে, তা নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। তাঁর জবাব, ‘স্লটার হাউস ও গোহত্যা দুটো আলাদা বিষয়। আমরা ১৯৫০–এর ক্যাটল অ্যাক্ট অনুযায়ী চলব।’

রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে ‘মমতা–তৃণমূলে’র মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা খুব স্পর্শকাতর বিষয়। এ ভাবে মন্তব্য করা ঠিক নয়। তবে কিছু জিনিস রপ্তানি করে কেন্দ্রীয় সরকার প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করছে, আবার পশ্চিমবঙ্গ সরকার সেটাই বন্ধ করতে চাইছে! পশ্চিমবঙ্গ নিশ্চয়ই ভারতবর্ষ থেকে আলাদা নয়। রাজ্যের আইনের সঙ্গে ভারতের আইনের তো একটা সামঞ্জস্য থাকবে।’

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘এক দিকে এরা বলছে, গোরু কাটা যাবে না। আবার অন্য দিকে, ওদের দল গোমাংস রপ্তানিকারী সংস্থার থেকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা চাঁদা নিচ্ছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *