ECI: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি, কী বলছে কমিশন? - 24 Ghanta Bangla News
Home

ECI: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি, কী বলছে কমিশন?

Spread the love

ECI: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি, কী বলছে কমিশন?

কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু, রবিবার কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্য পুলিশে বড় রদবদল করেছে নবান্ন। জানা গিয়েছে, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর প্রশ্ন উঠছে, ওই বদলির নির্দেশ কি কার্যকর হবে? এই নিয়ে কী বলছে কমিশন? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি নিয়ে কমিশন নিজেদের বক্তব্য জানাল।     

কমিশন এদিন জানিয়েছে, যদি কোনও আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচনের তারিখ ঘোষণার আগে দেওয়া হয়ে থাকে, কিন্তু তিনি এখনও নতুন পদে যোগ দেননি, তবে কমিশনের অনুমতি ছাড়া সেই নির্দেশ কার্যকর করা যাবে না। অর্থাৎ এদিন রাজ্য পুলিশে রদবদলের নির্দেশের পর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকরা যদি নতুন দায়িত্ব গ্রহণ করে না থাকেন, তবে সেই বদলির ক্ষেত্রে কমিশনের অনুমতি লাগবে।

কমিশন আরও জানিয়েছে, নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি করতে পারবে না রাজ্য। প্রশাসনিক প্রয়োজনে কোনও আধিকারিকের বদলি জরুরি হয়ে পড়লে কমিশনের অনুমতি নিতে হবে। অর্থাৎ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে কোনও আধিকারিকের বদলির ক্ষেত্রেই কমিশনের অনুমতি নিতে হবে।

এদিন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে রদবদল ঘটেছে। সপ্তাহ তিনেক আগে রাজ্যের চার আইপিএস অফিসারকে বদলি করা হয়। নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্য পুলিশে রদবদল নিয়ে কটাক্ষ করে বিজেপি। এবার কমিশন জানিয়ে দিল, রদবদলের ওই নির্দেশ নিয়ে তাদের কোনও বক্তব্য নেই। কিন্তু, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর যদি দেখা যায় কোনও আধিকারিক এখনও নতুন পোস্টে যোগ দেননি, সেক্ষেত্রে কমিশনের অনুমোদন ছাড়া সেখানে যোগ দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *