ট্রেলারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে দু’টুকরো গাড়ি, ৩ মাসের শিশুকন্যা-সহ একই পরিবারের ৭ জনের মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনায় - 24 Ghanta Bangla News
Home

ট্রেলারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে দু’টুকরো গাড়ি, ৩ মাসের শিশুকন্যা-সহ একই পরিবারের ৭ জনের মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনায়

Spread the love

গুজরাটের কচ্ছ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্যত দু’টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই গাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা, দু’জন পুরুষ এবং তিন শিশু। মৃত্যু হয়েছে মাত্র তিন মাসের এক শিশুকন্যারও। উত্তরাখণ্ড থেকে কচ্ছ ঘুরতে এসেছিলেন তাঁরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে ভারতীয় সেনার যোগ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সেনার আধিকারিকরাও।

শনিবার, ২১ নভেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভুজ-খাভড়া জাতীয় সড়কে। মরুভূমি সংলগ্ন নির্জন এলাকায় ভুজের দিকে যাচ্ছিল গাড়িটি। উল্টো দিক থেকে খাভড়ার দিকে আসছিল একটি ট্রেলার। আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি দু’ভাগ হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতরেই আটকে পড়েন যাত্রীরা।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। একাধিক অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়। কিন্তু গাড়ির ভিতরে থাকা সাতজনের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের দেহ উদ্ধার করে ভুজের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু ও ৩ মাসের এক সদ্যোজাতও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন সৌরভ সিং নেগি (৩০), তাঁর স্ত্রী সবিতা (৩০) এবং তাঁদের তিন মাসের শিশুকন্যা সিভিকা। এ ছাড়া রয়েছেন রাজেশ সিং রাওয়াত (৩৫) ও তাঁর সাত বছরের মেয়ে। অন্য এক মহিলা রিঙ্কি গোঁসাই (৩০) এবং তাঁর চার বছরের মেয়ে ভামিকাও প্রাণ হারিয়েছেন। এরা প্রত্যেকেই উত্তরাখণ্ডের গাড়ওয়াল এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতেরা ভুজে কর্মরত এক সেনাকর্মীর পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। তাঁরা মৃতদের পরিবারের বিষয়ে খোঁজখবর নেন। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রেলার চালকের ভূমিকা-সহ দুর্ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কচ্ছের খাভড়া রিনিউয়েবল এনার্জি পার্ক সংলগ্ন রাস্তায় গত ৯ অক্টোবরও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে বারও প্রাণ হারিয়েছিলেন সাতজন। এক মাসের ব্যবধানে একই এলাকায় ফের সাতজনের মৃত্যুতে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *