Free Bus Ticket: মহিলাদের জন্য বাসে আর যতখুশি ফ্রি টিকিট নয়! বড় সিদ্ধান্ত | West bengal government tightens rules on free bus tickets for women
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসার পর মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। তার মধ্যে একটি হল বাসে ফ্রি টিকিট। প্রতিদিনের যাতায়াত হোক বা দূরপাল্লার যাত্রা, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে রাজ্য। তার জন্য চালু হয় পিঙ্ক কার্ড। সেই কার্ড দেখিয়েই বিনামূল্যে বাসে সল্টলেক থেকে দিঘা, পুরী এমনকী দার্জিলিং পর্যন্ত যাতায়াতের সুবিধা পাচ্ছেন মহিলারা। কিন্তু, এবার সেই ব্যবস্থাতেই লাগাম টানতে চাইছে রাজ্য সরকার।
দূরপাল্লার বাসের টিকিটে লাগাম
বাসে ফ্রি টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর যত খুশি ফ্রি টিকিট পাওয়া যাবে না। অর্থাৎ ফ্রি টিকিটে এবার লাগাম টানা হচ্ছে। মূলত, দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দূরপাল্লার বাসে যতখুশি অনলাইন টিকিট কাটা যাবে না।
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
দূরপাল্লার বাসে অনলাইন টিকিট কাটায় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন দফতর জানিয়েছে, অনলাইনে টিকিট বুকিংয়ে নয়া নিয়ম চালু করা হয়েছে। চাইলে আর যতখুশি অনলাইনে টিকিট কাটতে পারবেন না। অনলাইন বুকিংয়ের জন্য এবার ৩০ শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছে। বাকি ৭০ শতাংশ সিটের টিকিট কাটতে হবে অফলাইনে।
কেন এই সিদ্ধান্ত?
ফ্রি টিকিট চালু হওয়ার পর দূরপাল্লার বাসগুলি ফাঁকা থাকছিল বলে অভিযোগ। অর্থাৎ ফ্রি টিকিটের অপব্যবহার করার অভিযোগ উঠছিল। এমনও দেখা গিয়েছে, অনলাইনে ফ্রি টিকিট কাটার পরে আর কেউ বাসে যাচ্ছে না, ফলে সিটটা ফাঁকা থেকে যাচ্ছে। ফলে নিগমের কোষাগার ফাঁকা হচ্ছিল। গত পাঁচ মাস ধরে এই সমস্যায় জর্জরিত পরিবহন দফতর। মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য। পরিবহন নিগমের তরফে এবার চালু হতে চলেছে নয়া নিয়ম।