বালেন শাহের প্রথম ভারত! মোদীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা?

নয়াদিল্লি: প্রথমবার দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ২২ ও ২৩ নভেম্বর দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা ঘোষণা করা হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। মোদীর আমন্ত্রণেই নয়াদিল্লি আসছেন তিনি। দুই রাষ্ট্রনেতার আলোচনায় বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক পরিস্থিতির মতো একাধিক বিষয় উঠে আসতে পারে।
প্রাথমিকভাবে শাহের ভারত সফর তিন দিনের হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে প্রায় ২৫ ঘণ্টা করা হয়েছে। ২২ নভেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন তিনি। পরের দিনই কাঠমান্ডু ফিরে যাওয়ার কথা। ফলে রাজধানীতেই মূলত সীমাবদ্ধ থাকবে তাঁর কর্মসূচি।
ভারতের একাধিক উন্নয়নমূলক প্রকল্প দেখাতে শাহকে বেঙ্গালুরু অথবা আমদাবাদে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তবে দিল্লির বাইরে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি নেপালের প্রধানমন্ত্রী।
কী কী বিষয় থাকবে আলোচনায়?
এই সফরে নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হতে পারে আন্তর্জাতিক উড়ানের জন্য ভারতের আকাশসীমায় আরও প্রবেশপথের অনুমতি। পোখরা ও ভৈরহওয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিদেশের যোগাযোগ বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা চেয়ে আসছে কাঠমান্ডু।
এ ছাড়াও বন্যা-পরবর্তী পুনর্গঠন এবং আর্থিক সাহায্যের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে। গত আগস্টের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি সামাল দিতে ভারতকে প্রায় ২০০ কোটি ডলারের অনুদান ও স্বল্পসুদের ঋণের প্যাকেজ দেওয়ার অনুরোধ জানিয়েছে নেপাল।
পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য, রেল যোগাযোগ এবং পরিকাঠামো নির্মাণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের সহযোগিতায় তৈরি পানৌতির নেপাল পুলিশ অ্যাকাডেমি এবং ভৈরহওয়ার সমন্বিত চেকপোস্টের মতো প্রকল্পও সফরের ঘোষণায় জায়গা পেতে পারে।
ভারত-নেপাল সম্পর্কে নতুন সমীকরণ?
বালেন্দ্র শাহের সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিদেশনীতি পরিচালনায় কাঠমান্ডুর আরও স্বাধীন ও দৃঢ় অবস্থানের ইঙ্গিত মিলেছে। সীমান্ত, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু মতপার্থক্যও রয়েছে।
এই পরিস্থিতিতে মোদি ও শাহের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্রেও ভারত ও নেপাল পরস্পরের গুরুত্বপূর্ণ সহযোগী। তাই নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করাই নয়াদিল্লির কাছে এই সফরের অন্যতম লক্ষ্য হতে পারে।
আরও পড়ুন-
আসিয়ান গোষ্ঠীভুক্ত ১১ দেশের জন্য বিনামূল্যে ই ভিসা অনুমোদন মোদী সরকারের
বাংলার ছকেই উত্তরপ্রদেশে ভোটের প্রস্তুতি? মাসে ৭ দিন যোগীরাজ্যে থাকবেন অমিত শাহ!