কলকাতা মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা, যুবক যা করলেন মাথা হেঁট সবার, থানায় FIR - 24 Ghanta Bangla News
Home

কলকাতা মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা, যুবক যা করলেন মাথা হেঁট সবার, থানায় FIR

Spread the love

কলকাতা মেট্রোয় ভয়ঙ্কর কাণ্ড। মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক সহযাত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, মহিলার অভিযোগ মদ্যপ অবস্থায় মেট্রোয় উঠেছিলেন তিনি। অভিযোগ, ভিড়ে ঠাসা মেট্রোর কামরায় এক তরুণীর পিছনে দাঁড়িয়ে তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করছিলেন ওই ব্যক্তি। তরুণীর চিৎকারে অন্য যাত্রীরা প্রতিবাদ শুরু করলে কবি নজরুল স্টেশনে নেমে পালিয়ে যান ওই ব্যক্তি। ইতিমধ্যে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল মেট্রোয়?

ঘটনাটি গত বুধবার রাতের। অভিযোগকারিণী তরুণী রাত ৮টা ৫৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোয় চাঁদনি চক স্টেশন থেকে ওঠেন। এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছতেই কামরায় যাত্রীদের ভিড় বাড়ে। সেই সময়েই মেট্রোয় ওঠেন অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর ঠিক পিছনে গিয়ে দাঁড়ান অভিযুক্ত।

প্রথমে ভিড়ের মধ্যে বিষয়টি বুঝতে পারেননি তরুণী। কিছুক্ষণ পরে পিছনে অস্বাভাবিক কিছু ঘটছে বলে অনুভব করেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি ক্রমাগত পিছন থেকে অশালীন ভাবে তাঁর শরীর স্পর্শ করছিলেন।

তরুণীর দাবি, তিনি চিৎকার করে প্রতিবাদ শুরু করলেও অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি দেখে কামরার অন্য যাত্রীরাও প্রতিবাদে সরব হন। কয়েকজন অভিযুক্তকে ঘিরে ধরেন। এরই মধ্যে মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছলে নেমে পালিয়ে যান ওই ব্যক্তি।

পুলিশে অভিযোগ

তরুণীর নির্ধারিত গন্তব্য ছিল কবি নজরুল স্টেশন। রাত ৯টা ২৪ মিনিটে সেখানে নেমে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তিনি। পরে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। তরুণীকে সঙ্গে নিয়ে রবীন্দ্র সদন এবং চাঁদনি চক-সহ সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। কিন্তু এখনও তাকে শনাক্ত করা যায়নি। মেট্রোর থেকে প্রয়োজনীয় আরও সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে। তবে মেট্রোর তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *