কলেজ চত্বরেই টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে অপহরণ তরুণীকে, তার পরে…
কলেজের চেনা চত্বর। চারপাশে ঘুরছে অধ্যাপক-সহপাঠীরা। জমজমাট কলেজ চত্বর থেকে আচমকাই কয়েক জন যুবক ঘিরে ধরলেন এক তরুণীকে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলো একটি গাড়ির দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে তুলেই চম্পট দিল দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে ক্যাম্পাস ছেড়ে উধাও গাড়ি। কর্নাটকের মেঙ্গালুরুর কানাচুর মেডিক্যাল কলেজের এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। অভিযোগ, কলেজের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেন? নেপথ্যে কি ভিন্ধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক?
বৃহস্পতিবার সন্ধ্যায় মেঙ্গালুরুর ডেরালাকাটে এলাকার ওই মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি এক তরুণীকে ঘিরে ধরেছেন। তার পর কার্যত টেনেহিঁচড়ে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে একটি থার এসইউভির দিকে। গাড়িতে তোলার পর মুহূর্তের মধ্যে সেটি এলাকা ছেড়ে বেরিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণী মুসলিম সম্প্রদায়ের এবং এক হিন্দু যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরিবারের লোকজন এই সম্পর্ক মেনে নিতে পারেননি। সেই আপত্তি থেকেই তাঁকে কলেজ থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে অপহরণের পিছনে পরিবারের সদস্যদের হাত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করেন মেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি। সংশ্লিষ্ট থানার পুলিশকে মামলা রুজু করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। ওই তরুণীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ কমিশনারের বক্তব্য, তরুণী প্রাপ্তবয়স্ক। ফলে কোথায় থাকবেন, কার সঙ্গে সম্পর্ক রাখবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে। পরিবারের সদস্য হলেও কোনও ব্যক্তিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার অধিকার কারও নেই। এমন ঘটনা অপরাধ বলেই স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি, পুলিশকে দ্রুত খবর দেওয়া হলে গাড়িটি আটকানো সম্ভব হতো বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।
আপাতত তদন্তকারীদের প্রধান লক্ষ্য ওই ছাত্রী কোথায় রয়েছেন খুঁজে বার করা এবং তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কোথাও আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে চায় পুলিশ। ভিডিয়োয় দেখা ব্যক্তিদের পরিচয় ও তাঁদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভিডিয়োয় দেখা ব্যক্তিদের পরিচয় জানার পাশাপাশি গাড়িটির খোঁজেও তল্লাশি চলছে।