Rain in Kolkata: ২ ঘণ্টারও বেশি একটানা বৃষ্টি, তীব্র যানজটে ফেঁসে গেল কলকাতা – Bengali News | Continuous rain in Kolkata for more than 2 hours, waterlogging everywhere
ব্যাপক যানজট সর্বত্র Image Credit source: TV 9 Bangla
কলকাতা: পূর্বাভাস ছিলই। হাওয়া অফিস বলছে আগামী ৪ থেকে ৫ দিন তুমুল বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গেই। এদিন দুপুর থেকেই গোটা কলকাতায় দেখা গেল তুমুল বৃষ্টির ছবি। টানা ২ ঘণ্টার বেশি বৃষ্টিতে ভেসে গেল যাদবপুর থেকে সল্টলেক। দুপুর ২টো থেকে বৃষ্টি শুরু হলেও চারটে নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে। তবে পরবর্তীতে ফের বাড়ে বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত শহরের নান প্রান্তে চলতে থাকে বৃষ্টি। বাড়ি ফেরার পথে তুমুল চাপে পড়েন অফিসযাত্রীরা।
জলমগ্ন হয়ে যায় ইএম বাইপাসের মতো অন্যতম ব্যস্ত রাস্তা। রুবি থেকে সায়েন্স সিটির মোড়, চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ সর্বত্র জমা জলে নাকাল হতে হয় মানুষকে। একই ছবি পার্ক সার্কাসেও। অন্যদিকে শিয়ালদহ থেকে হাওড়া, সর্বত্রই দেখা গেল জল ছবি।
পার্ক সার্কাস ময়দান চত্বরে তো সন্ধ্যার পরেও ব্যাপক যানজট দেখা যায়। অটোতেও লম্বা লাইন পড়ে যায়। ট্র্যাফিক সামলাতে হিমশিম খেতে দেখা যায় পুলিশকে। গোলপার্ক, গড়িয়াহাটে ব্যাপক জল জমে যায়। সন্ধ্যার দিকে এমনিতেই ব্যাপক ভিড়ের ছবি দেখা যায় এই সব এলাকায়। কিন্তু এদিন নাগাড়ে বৃষ্টির জেরে চাপ যেন আরও বেড়ে যায়। তবে আবহাও দফতর বলছে, রাতের দিকেও হতে পারে বৃষ্টি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাতেও। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।