PSC আয়োজিত IDO-র পরীক্ষায় বসছেন? পাশ করতে যা আপনাকে মানতেই হবে… কলম ধরলেন WBCS অফিসার
দীর্ঘ অপেক্ষার পরে প্রকাশিত হয়েছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) নিয়োগের বিজ্ঞপ্তি। একটা সময় নিয়মিত নিয়োগ হলেও ২০১০ এবং ২০১৯ সালের পরে ফের এই পদে নিয়োগ হতে চলেছে। এই পরীক্ষায় সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই পরীক্ষায় কোনও মেনস বা ডেসক্রিপটিভ পেপার নেই। মাত্র ১০০ নম্বরের MCQ পরীক্ষা আর তার পর সরাসরি ইন্টারভিউ। এমনকী, পরীক্ষা দেওয়ার দেড় থেকে দু’বছরের মধ্যেই চাকরিতে জয়েনিং হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই চাকরির শুরুতে মাসিক বেতন বর্তমানে মোটামোটি ৪৮ হাজার ৫০০ টাকা হবে।
কী ভাবে নেবেন প্রস্তুতি?
যাঁরা WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের IDO পরীক্ষার ৯০ শতাংশ প্রস্তুতি হয়েই যায়। তবে এই পরীক্ষার ক্ষেত্রে বাড়তি কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। ভারত ও পশ্চিমবঙ্গের নিরিখে MSME ক্ষেত্র, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস অ্যান্ড সেফটি (Industrial Hazards & Safety) এবং শ্রম আইন (Labour Laws) ভালো ভাবে পড়তে হবে। সেই সঙ্গে গত এক-দু’বছরের MSME, ব্যবসা ও শিল্প সংক্রান্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স খুঁটিয়ে মুখস্থ করে ফেলতে হবে।
কোন কোন বিষয় পড়তে হবে?
পার্ট-ওয়ানে ১০০ লিখিত বা MCQ আর পার্ট-দু’তে ১৫ নম্বর ইন্টারভিউ। তবে চলতি বছর IDO পরীক্ষার সিলেবাসে কিছুটা বদলও এসেছে। MCQ-র মধ্যে মূলত ২০ নম্বরের GI ও অঙ্ক থাকে, ১৫ নম্বরের পরিবেশ এবং শক্তি সংরক্ষণ, ১৫ নম্বরের ইংরেজি, ১৫ নম্বরের ভৌতবিজ্ঞান, ১৫ নম্বরের পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি, ১০ নম্বরের শিল্প নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণ এবং ১০ নম্বরের বেসিক লেভেলের কম্পিউটার।
কোথায় হয় পোস্টিং?
IDO পদে চাকরি পেলে প্রথমে মূলত ব্লকে পোস্টিং হয়। এর পর ধাপে ধাপে জেলা শিল্প কেন্দ্র (DIC) এবং পরবর্তীতে হেডকোয়ার্টারে পোস্টিং মিলতে পারে। এ ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক অফিসের অংশ হিসেবে কাজ করার সুযোগ থাকে। পশ্চিমবঙ্গে দুটি সাব-ডিআইসি (Sub-DIC) রয়েছে। একটি শিলিগুড়িতে এবং অন্যটি বারুইপুরে। তবে IDO পদে চাকরি পেলে রাজ্যের যে কোনও প্রান্তের যে কোনও ব্লকে পোস্টিং হতে পারে। অনেক জায়গায় আবার একজন IDO-কে দুটি বা তার বেশি ব্লকের দায়িত্বও সামলাতে হয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো পোস্টিং ভালো বা খারাপ যেমনই হোক, তা মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। চাকরির প্রথম অন্তত পাঁচ বছর বাড়ি থেকে দূরে থাকতে হবে বলেই ধরে নেওয়া ভালো। তার পর বাড়ির কাছে পোস্টিং হতে পারে বলে আশা করা যায়।
কাজের চাপ ও দায়িত্ব কেমন?
জেলা শিল্প কেন্দ্রের (DIC) তুলনায় ব্লকে কাজের চাপ অনেকটাই বেশি। কারণ ব্লকে IDO-কে অনেক ক্ষেত্রেই এক্সটেনশন অফিসার হিসেবে কাজ করতে হয়। নিজের দপ্তরের কাজের চেয়ে ব্লকের অন্যান্য প্রশাসনিক কাজই তাঁকে বেশি সামলাতে হয়। এমনকী কিছু ব্লকে IDO-রা AERO পদে থাকেন। ফলে নির্বাচনের গুরুদায়িত্বও তাঁদের সামলাতে হয়। অন্যদিকে, গ্রুপ-বি (Group B) অফিসারদের মতো এখানেও পদোন্নতি কিছুটা সময়সাপেক্ষ।
মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ
গ্রামীণ স্তরের বহু শিল্পী এবং দরিদ্র ব্যবসায়ী সরকারি সাহায্যের আশায় IDO-র কাছে আসেন। আগে যেমন ফিনান্স বেনিফিট স্কিম ছিল, এখন তেমনই ‘বিশ্বকর্মা স্কিম’-এর মাধ্যমে তাঁদের আর্থিক সাহায্যের সুযোগ রয়েছে। পাশাপাশি বয়স্ক শিল্পীদের জন্য সীমিত পরিসরে পেনশনের ব্যবস্থাও আছে। কাজের চাপ থাকলেও সাধারণ মানুষের সেবা করার প্রচুর সুযোগ রয়েছে এই পদে।