Breaking News Live: পুনের কাঠের মার্কেটে ভয়াবহ আগুন, পৌঁছয় ২৭টি দমকলের ইঞ্জিন
পুনের কাঠের মার্কেটে ভয়াবহ আগুন, পৌঁছয় ২৭টি দমকলের ইঞ্জিন
গভীর রাতে পুনের জয় বল্লভ স্কুলের কাছে টিম্বার মার্কেটে কাঠের জিনিসপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডয রাত ২:০৫ মিনিটের দিকে আগুন লেগে যায় ওই দোকানে। কাঠের মতো দাহ্য বস্তু থাকায় মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে আগুন। পুনে ফায়ার ব্রিগেডের ২৪টি, পুনে ক্যান্টনমেন্টের একটি এবং পুনে মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (পিএমআরডিএ)-র দু’টি-সহ মোট ২৭টি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে নামে প্রায় ১৫০ জন কর্মী। বুধবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও রয়েছে পকেট ফায়ার। দমকলের তরফে এখনও কুলিং প্রসেস চালানো হচ্ছে বলে খবর।
বিদ্যুৎ আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে
সরকারি দপ্তরে বিজেপির কর্মীদের বিরুদ্ধে দাদাগিরি-র অভিযোগ। পুলিশে খবর দেওয়ায় বিদ্যুৎ আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কে পুলিশকে ফোন করেছেন, তা জানতে পেরে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অশোক টুডুকে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। সরকারি দপ্তরের ভিতরেই এ ভাবে এক আধিকারিকের উপর হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায় তপন বিদ্যুৎ অফিসে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ থেকেই বদলাবে বাংলার আবহাওয়া
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ অর্থাৎ বুধবার থেকেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।