West Bengal Weather Update: স্লগ ওভারে ধরে খেলছে গরম, বর্ষা আসতে আর কতদিন? - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: স্লগ ওভারে ধরে খেলছে গরম, বর্ষা আসতে আর কতদিন?

Spread the love

West Bengal Weather Update: স্লগ ওভারে ধরে খেলছে গরম, বর্ষা আসতে আর কতদিন?

কলকাতা: আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। এরইমধ্যে বাংলার আবহাওয়াতেও বড়সড় বদল দেখা যাচ্ছে। একইসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৬ মে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভারতের মূল ভূখণ্ড কেরালমে প্রবেশ করবে বর্ষা। এরইমধ্যে মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা আবার উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি? 

হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন থেকেই বৃষ্টির দাপট আরও বাড়বে। রবিবার আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবারও জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গ? 

তবে উত্তরবঙ্গে যখন বৃষ্টির দাপট, তখন উল্টো ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে তাপমাত্রা বাড়বে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরেই হালকা বৃষ্টির ছবিও দেখা যেতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 

কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। দু-এক জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। তবে রোদের তেজ বাড়ার কারণে গরম থাকছেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *