Bigg Boss Bangla: সৃজলাকে বাঁচাতে জীতুর কাণ্ড দেখে ফুঁসছেন দুর্নিবার! মুখ ফসকে একী বলে ফেললেন গায়ক? | Bigg Boss Bangla Nomination Task: Durnibar Calls Jitu An Animal For Hurting Niranjan
বিগ বস বাংলা-র পারদ এখন রীতিমতো তুঙ্গে! খেলা যত ফাইনালের দিকে এগোচ্ছে, ঘরের ভিতরের সমীকরণগুলো ততই দ্রুত বদলাচ্ছে। বন্ধুত্ব ভাঙছে, নতুন জোট তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষে একজন তো পেয়েই যাবেন বহু কাঙ্ক্ষিত ‘টিকিট টু ফিনালে’। অর্থাৎ, এই সপ্তাহেই বিগ বস পেয়ে যাবে তার প্রথম ফাইনালিস্ট। কিন্তু এই সোনার হরিণ পাওয়ার রাস্তা কি এতই সোজা? একেবারেই নয়! বরং এই রাস্তা যে কতটা পিচ্ছিল, তা সোমবারের নমিনেশন টাস্কেই হাড়ে হাড়ে টের পেয়েছেন সকলে। আর সেই টাস্ক ঘিরেই এবার বিগ বসের ঘরে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। পরিস্থিতি এমন এক অভাবনীয় পর্যায়ে পৌঁছায় যে, রাগের মাথায় ক্যামেরার সামনেই জিতুকে ‘হুমদো খাসি’ তকমা দিয়ে বসলেন দুর্নিবার!
টাস্কের নামে ঠিক কী ঘটেছিল এইদিন?
সোমবারের টাস্কটি ছিল বেশ কঠিন। একটি ঢালু বা স্লোপের ওপর প্রতিযোগীদের ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এমনিতেই ঢালু জায়গা, তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো তাঁদের পায়ে কখনও তেল, আবার কখনও সাবান জল ঢেলে দেওয়া হচ্ছিল। এই চরম বাধা উপেক্ষা করে কারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন, সেটাই ছিল আসল খেলা।
সৃজলাকে বাঁচানোর জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠেন জিতু। আর সেই স্ট্র্যাটেজি কাজে লাগাতে গিয়েই তিনি নিজের একটা পা দিয়ে নিরঞ্জনের পা রীতিমতো চেপে ধরেন। নিরঞ্জনের পা তখন রেলিংয়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে আটকে গিয়েছে। ব্যথায় রীতিমতো কাতরাতে থাকেন তিনি। বারবার জিতুকে কাতর অনুরোধ করেন পা সরিয়ে নেওয়ার জন্য। শুধু নিরঞ্জনই নন, ঘরের বাকি প্রতিযোগীরাও জিতুর এই আচরণের প্রতিবাদ করেন। কিন্তু কে শোনে কার কথা! জিতু যেন তখন নিজের জেদে একেবারেই অনড়। কারও কোনও কথাই তাঁর কানে ঢুকছিল না। তবে শেষমেশ টাস্ক থেকে নেমে আসতে বাধ্য হন তিনি। এদিনের এই কঠিন টাস্কে শেষ পর্যন্ত সেফ হলেন জিতু, নিরঞ্জন, সৃজলা এবং সৌরভ। অন্যদিকে নমিনেশনের খাঁড়া নেমে এল রণিতা এবং তনুশ্রীর ওপর।
টাস্ক শেষ হওয়ার পর নিজেদের মধ্যে আড্ডায় বসেছিলেন দুর্নিবার, নিরঞ্জন এবং সৌরভ। সেখানে হঠাৎ করেই যেন মসিহা হয়ে হাজির হন জিতু। টাস্কের সময় নিরঞ্জনের ঠিক কী করা উচিত ছিল, আর কী করা উচিত হয়নি, সেই নিয়ে লম্বা জ্ঞান দিতে শুরু করেন তিনি। স্বাভাবিকভাবেই নিরঞ্জনও ছেড়ে দেওয়ার পাত্র নন! যে মানুষটা কিছুক্ষণ আগে তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে, তার মুখে নীতির কথা শুনে তিনিও পাল্টা উত্তর দিতে থাকেন। আর ঠিক তখনই মেজাজ হারান দুর্নিবার। এই চরম বাকবিতণ্ডার মাঝেই ক্যামেরার দিকে তাকিয়ে সোজা জিতুকে ‘হুমদো খাসি’ বলে কটাক্ষ করে বসেন তিনি!
দুর্নিবারের এই বিস্ফোরক মন্তব্য এখন নেটদুনিয়ায় চূড়ান্ত ভাইরাল। সোশাল মিডিয়ায় কান পাতলেই এখন এই বিতর্কের আঁচ পাওয়া যাচ্ছে। এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে বিগ বস ফ্যানপেজগুলোতে রীতিমতো ঝড় উঠেছে। নেটিজেনদের একটা বড় অংশ দুর্নিবারকে পূর্ণ সমর্থন করছেন। এক নেটিজেন লিখেছেন, “জিতু টাস্ক জেতার জন্য যেভাবে নিরঞ্জনকে আঘাত করেছেন, তা স্পোর্টসম্যান স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। দুর্নিবার একদম ঠিক কথাই বলেছেন।”
আবার অন্যদিকে, দর্শকদের একাংশ জাতীয় টেলিভিশনে দুর্নিবারের এমন ভাষা ব্যবহারের তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, “রাগ হতেই পারে, কিন্তু ন্যাশনাল টিভিতে কাউকে পশু বলাটা কি খুব শোভনীয়?” সব মিলিয়ে, সৃজলাকে জেতানোর এই মরিয়া চেষ্টায় জিতু যেমন চরম সমালোচনার মুখে পড়েছেন, তেমনই দুর্নিবারের বেলাগাম মন্তব্যও উসকে দিয়েছে এক নতুন বিতর্ক। ফাইনালের আগে বিগ বসের ঘর যে আরও কতটা গরম হবে, এখন সেটাই দেখার।