Amitabh Bachchan and Abhishek Bachchan: ‘বুলেটপ্রুফ কাচও বাঁচাতে পারবে না!’ অমিতাভের পাশাপাশি এবার অভিষেক বচ্চনকেও সরাসরি খুনের হুমকি গ্যাংস্টারের! | Gangster goldy dhillon death threat amitabh bachchan abhishek bachchan bulletproof glass
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যেন কিছুতেই কমছে না। এবার খোদ অমিতাভের পাশাপাশি তাঁর পুত্র অভিষেক বচ্চনকেও সরাসরি খুনের হুমকি দিল গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ। সম্প্রতি দিল্লি পুলিশের হাতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর দুই সন্দেহভাজন শার্প শ্যুটার ধরা পড়লেও, মুম্বইয়ে বচ্চন পরিবারকে নিশানা করার ছক যে মোটেই ভেস্তে যায়নি— সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করেছে ওই গ্যাংস্টার।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে গোল্ডি ঢিলোঁ দাবি করেছে, তাদের দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না। তার হুঁশিয়ারি, এই মুহূর্তে মুম্বইয়ে তাদের প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছে এবং তারা যেকোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত।
১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ওই পোস্টে লেখা হয়েছে, সরাসরি অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে গ্যাংস্টারের হুমকি, “ওঁরা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, গুলি চালানো হবেই। বুলেটপ্রুফ কাচও ওঁদের রক্ষা করতে পারবে না।” (যদিও এই ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)।
কীভাবে সামনে এল হামলার ষড়যন্ত্র?
গত শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল পাঞ্জাবের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই দুই সদস্য পৃথক দুটি হামলার ছক কষেছিল। তোলাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে খুনের দায়িত্ব ছিল বিকাশের ওপর, যার জন্য সে মুম্বই থেকে দিল্লিতে যায় এবং পরে দীপকেরও তার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। অন্যদিকে, মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রেও এরা যুক্ত ছিল বলে সন্দেহ পুলিশের।
উল্লেখ্য, গত এক মাসে ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনটি পৃথক ইমেল পাঠানো হয়েছিল। এরপর থেকেই মুম্বই পুলিশ অমিতাভের বাড়ির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছিল গত ১ নভেম্বরের রবিবারেও।
প্রতি রবিবার ‘জলসা’র বাইরে চাকা লাগানো একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানান বিগ বি। কিন্তু নিরাপত্তার কড়াকড়ির জেরে সেদিন সেই মঞ্চের তিন দিক পুরু বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। সেই কড়া সুরক্ষাবেষ্টনীর আড়াল থেকেই ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অমিতাভ। আর এবার সেই বুলেটপ্রুফ কাচ নিয়েই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল গ্যাংস্টার, যা ঘিরে বলিউড ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।