Mithun praises Suvendu Adhikari: শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না: মিঠুন | Mithun Chakraborty Praises Suvendu Adhikari: “West Bengal Can’t Get a Better Chief Minister”
শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মিঠুন Image Credit: TV 9 Bangla
কলকাতা: ‘মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম আপনি না, আমি আসব।’ নিউটাউনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপিতে তাঁর ভূমিকা নিয়ে দরাজ প্রশংসা শোনা গেল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। পাল্টা শুভেন্দুরও ভূয়সী প্রশংসা করলেন মিঠুনও। সাফ বললেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না।
প্রসঙ্গত, এবারের ভোটে টানা প্রচার করেছেন মিঠুন। ঘুরে ঘুরেছেন বাংলার দিকে দিকে। তাঁকে দেখতে নেমেছে মানুষের ঢল। বৈঠকের পর বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী হতে মিঠুনকে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না শুভেন্দু। বললেন, “বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, এখানকার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য, এখানকার মা-বোনদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনও সীমা ছিল না।”
এরপরেই ভোট প্রচারে মিঠুনের অবদানের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, “এই ভোটেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো করেছেন। এমনকী নির্বাচনের আগে ৮ থেকে ১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনও সাংগঠনিক পদ দিলেও নেন না। কিন্তু তিনি মাইক্রো লেভেলে কাজ করেছেন ১ বছর ধরে। আজ আমি জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু নেপথ্য কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।”
পাল্টা মিঠুন বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে। আগামীতে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো রইলাম পিছনে।”