খিদে: সন্দীপ ভট্টাচার্যের গল্পে সুরের জাদুকরী বিস্তার, মোৎসার্টের বিভ্রম ও এক শিল্পীর অন্তহীন ক্ষুধার টানাপোড়েন - 24 Ghanta Bangla News
Home

খিদে: সন্দীপ ভট্টাচার্যের গল্পে সুরের জাদুকরী বিস্তার, মোৎসার্টের বিভ্রম ও এক শিল্পীর অন্তহীন ক্ষুধার টানাপোড়েন

Spread the love

খিদে

সদীপ ভট্টাচার্য

একটা ফাঁকা অডিটোরিয়াম। স্টেজের সামনে কয়েকটা পাদপ্রদীপ জ্বলছে টিমটিম করে। দর্শক আসনগুলো কবরের মতো শান্ত, ফাঁকা। স্টেজের ওপর আলোর কাছে দাঁড় করানো রয়েছে একটা স্ট্যান্ড, তাতে কিছু হলদেটে নোটেশানের কাগজ। পাশে একটা ছোটো বসবার চৌকো আসন। পাদপ্রদীপের আলো আরো খানিকটা জোরালো হলে মনে হয় আসনের ওপর বসে থাকা কালো জোব্বা পরা মানুষটাকেও দেখা যেত। তিনি ঝুঁকে পিছন ফিরে আছেন। আস্তে আস্তে সামনে ফিরলেন, আগুনের শিখায় তার সুন্দর মুখের মসৃণ থুতনি থেকে নাক বরাবর বেশ বোঝা যায়। সাহেব মানুষ। বয়স বেশি নয়। কিন্তু অভিজ্ঞতা আর দৃঢ়তা চেপে বসে গেছে চোখে আর মুখের ভাঁজে। ভদ্রলোক ফাঁকা দর্শক আসনগুলো লক্ষ্য করছেন। আসনের লাল ভেলভেটের কাপড়গুলো যেন অন্ধকারের সঙ্গে মিশে অনেকটা কালশিটের মতো জমে আছে। জমে আছে ঠাণ্ডা সারা অডিটোরিয়াম জুড়েও। নিজের জোব্বার পকেট থেকে ট্যাঁক ঘড়ি বার করে সময়টা দেখে নিলেন সাহেব। তারপর উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডের সামনে এসে হাত দুটো দু পাশে মেলে ধরে শুরু করলেন ঢেউয়ের মতো হাওয়ায় অদৃশ্য ছবি আঁকা। সে ছবির মজা একটাই, তাকে শুনতে হবে, চোখ বন্ধ করে আন্দাজ করতে হবে, এতোটাই সূক্ষ্ম। প্রতিটা আঁক কাটার সঙ্গে একটা করে জ্যান্ত ধ্বনি জন্ম নিচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে থেকে আসতে থাকা সবকটি বাদ্যযন্ত্রের পেটের ভিতর থেকে। কি নেই তাতে – পিয়ানো, ভায়োলিন, চেলো আরো কত কি। সুরের ঝংকারে যেন মূর্ছা যাচ্ছে প্রদীপের শিখারা, আবার মউকা পেয়ে ধীরে ধীরে জ্বলে উঠছে। সাহেব তখন মাতালের মতো হাত নেড়ে প্রসব করছেন অগুনতি সুর। তার চোখে মুখে ফুটে উঠছে মায়ের মতো যন্ত্রণা।

সিটের পাশের আইল ধরে লাল ভেলভেটের মেঝে পেরিয়ে অডিটোরিয়ামের কাঠের পোক্ত দরজার তলায় যে সরু ফাঁক আছে সেটা দিয়ে গলে বাইরে এই সুর ছড়িয়ে পড়ছে সমস্ত চারপাশে। রাতের নিস্তব্ধতা বন্ধুর মতো যেন শহর চেনাতে নিয়ে চলেছে সুরেদের। রাস্তায় সাদা সাদা বরফের প্রলেপ বাসা বেঁধে আছে। এখনো বরফ পড়ছে গুঁড়ো গুঁড়ো। সুরেরা সাঁতরে চলেছে মোড়ের মাথার সেই বিশাল ফোয়ারাটার দিকে। একটা মেঘের মতো পাথরের তৈরি ভাস্কর্য, যেখানে কিউপিডেরা উড়ে বেড়াচ্ছে একটা ছোটো টিলাকে কেন্দ্র করে। তাদের হাতে তীর ধনুক, নীচের দিকে তাক করা। নীচে টিলার পাশে জলের ধারে নিজের মুখ দেখতে ব্যস্ত একটা মেয়ে। সে নগ্ন। ভেজা চুলের আবেশে সে খেয়ালও করছেনা জলের বাইরে দু একটা মাছ লাফিয়ে বেড়াচ্ছে। এতোটাই নিজের প্রতিবিম্বে সে বিভোর। নিজের মধ্যে নিজের জন্যে যে প্রেম জমা হয়ে থাকে তাকে চিনে ফেললে কিউপিডদের তো আসতেই হয়। কিন্তু শীতে জল জমে ক্রিস্টাল। লাফানো মাছেরা আর ফিরে যেতে পারবে না জলে কোনওদিন। মাছগুলো জলের বাইরে বেঁচে উঠছে যেন এই সুরের ঢেউ গায়ে লাগতেই। ল্যাজ নাড়িয়ে বেশ বিদ্রোহ ঘোষণা করছে যেন। পাথুরে মেয়েটি, যার পাশ দিয়েই বয়ে চলেছে ঝর্ণার মতো ফোয়ারা তাকেও নিজের ঈশ্বর চিনতে একটার পর একটা মনের দরজা খুলে দিচ্ছে সুরটা। জলের মধ্যে কাচের মতো স্বচ্ছ বরফে সে নিজের চেহারা দেখে পলক ফেলছে বারবার! চেলোর কব্জি প্যাঁচানো টান যেন বরফ গলিয়ে মনে পড়িয়ে দিচ্ছে বসন্তে এখানেই জলেরা নরম ভেজা ভেজা থাকে।আর তৎক্ষণাৎ পিয়ানোর রিডেরা বুঝিয়ে যাচ্ছে এই বসন্তেই হয়তো শহরের কোনো যুবক তার শরীরের মধ্যে প্রজাপতি খুঁজে পাবে এই শ্বেতপাথরের  মেয়েটাকে দেখে,নাঃ আর খুব বেশি দেরী নেই।

কোনো গাড়ি ঘোড়া চলছে না রাতের শহরে। তাই সুরেরা হাওয়ায় ভাসতে পারছে প্রাণ মেলে। ফোয়ারা ছেড়ে সুরেরা চলল আরো খানিকটা, যেখানে একজন প্রহরী ঝিমিয়ে নিচ্ছে নিজেকে পুরোটা মোটা উলের চাদরে ঢেকে। তার প্রতিটি নিঃশ্বাসে শীত প্রকট হয়ে উঠছে। সুরেরা বন্ধ সিংহ দরজার ফাঁক দিয়ে অনায়াসে ভেতরে ঢুকে গেল। অন্ধকারের মধ্যে বুঝতে অসুবিধে হয় না এটা একটা মিউজিয়াম। লম্বা করিডোর জুড়ে সুরেরা নাচের মতো এগিয়ে চলল। দুপাশে বিরাট বিরাট আঁকা ছবি সোনালি ফ্রেমে বাঁধানো, কালো পাথরের মূর্তি- যেন বলিষ্ঠ গ্রীক ট্র্যাজেডি। তাদের পাশে বড়বড় অক্ষরে নিশ্চয় লেখা “দয়া করে হাত দেবেন না”। সেই চোখরাঙানিতে শয়ে শয়ে বছর অভুক্ত হয়ে পাষাণ হয়ে রয়েছে সব। সুরেরা তাদের মায়ের মতন স্তন এগিয়ে ধরছে, পুরনো রঙেরা, ছেনি-হাতুরি দিয়ে খোঁদাই করা পাথরেরা যেন এতদিনে কান্নায় ভেঙে পড়ল, আহা কতদিনের অস্পৃশ্য এ জীবন। সুরের স্তনের মধ্যে তারা তাদের সৃষ্টিকর্তার উপকথা শুনতে পাচ্ছে, তারা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে!

একটা রেনেসাঁ আঁকায় শুয়ে থাকা যুবক হাতে হেমলকের গেলাস ফেলে, উঠে বসেছে। পাশের আসনে লুটিয়ে থাকা চাদর টেনে গায়ে জড়িয়ে নিয়ে নেমে আসে আঁকার ফ্রেম থেকে। সদ্যজাতের মতো সন্তর্পণে পা চালানোর চেষ্টা করছে সে। পড়ে পড়ে যাচ্ছে। আবার উঠছে। সোজা হাঁটার চেষ্টা করছে। ধু ধু করিডোর ধরে হেঁটে বেড়াচ্ছে সে। দেখেছে আর কত কত ছবি, ভাস্কর্য, সম্রাটদের অস্ত্রসস্ত্র, মুকুট। সামনে গলা চাঁদের আলোয় বারান্দার কাছে এসে বুক ভরে শ্বাস নেয় সে। ভায়োলিন-এর ঘনঘন মুচড়ে যাওয়া শুনে ছেলেটির মধ্যে কি যেন জেগে উঠলো! পাশে পড়ে থাকা একটা প্রস্থর যুগের একটা পাথর টুকরো কাচের বাক্স ভেঙে বের করে আনে সে। ভালো করে দেখে পাথরটাকে। তারপর সেটা ছুড়ে মারে কাচে ঢাকা সার দিয়ে রাখা অস্ত্র, মুকুট, জোব্বাগুলোর প্রদর্শনীর দিকে। খান খান শব্দে ভেঙে পড়ে কাচের বাক্স! লুটিয়ে পড়ে তাজ! তারপর ছেলেটি উঁচু মিউজিয়ামের বারান্দার পাঁচিল ধরে রাস্তায় দেয় লাফ। সবেগে হাওয়ায় উড়ে হাল্কা পালকের মতো রাস্তায় পড়ে সে! আর পড়তেই তার সারা শরীর তাসের লাল হার্ট-এর ভঙ্গিতে ভেঙে খান খান হয়ে মিলিয়ে গেল। আহা! এ দৃশ্য শুধু সুরেরাই দেখতে পায়। ভালো করে খেয়াল করলে দেখা যাবে রেনেসাঁ আঁকায় সে ছেলেটি এখনো শুয়ে আছে হাতের গেলাসে হেমলক, চোখের পাতা খোলা, তাতে গায়ের চাদর পাশের আসনে লুটিয়ে আছে। দু চোখ খোলা। সামনের দিকে চেয়ে আছে সে। বিদ্রোহ ঘোষণা করছে স্পষ্টত।

বরফের কণায় কণায় সুরেরা পেঁচিয়ে যাচ্ছে সুতোর মতো বিশ্বাস যার মধ্যে কোনো মেকিতা নেই। শহরের মধ্যিখানের উঁচু ঘণ্টা ঘরের বিশাল ঘণ্টার মধ্যে অল্প অনুরণন জাগিয়ে তোলে। গুরুগম্ভীর ঘণ্টার অহংকার ছিঁড়ে ফেলে, রাস্তার নর্দমার উষ্ণতা পেতে তার ধারে শুয়ে শীতে কাঁপতে থাকা শিশুদের চোখে জোরালো ঘুম লেপে দিয়ে যায় সুরেরা।

এলোপাথারি গলি ঘুরে, লাটাইয়ের টানের মতো আবার ফিরে যেতে থাকে সুরগুলো দ্রুত একেবারে  অডিটোরিয়ামের মধ্যে স্টেজের ওপর সাহেবের তর্জনীর ডগায়। সমস্ত বাদ্যযন্ত্রেরা মিলিত ভাবে জগঝম্প করে আস্তে আস্তে থেমে গেলো সাহেবের আঙুলের ইশারায়। তখনও হয়তো তাদের ভেতরের কম্পনে অডিটোরিয়াম জেগে কাঁপছে। সাহেবে খানিকক্ষণ বটগাছের মত স্থির থেকে দু হাত নামালেন। ট্যাঁক ঘড়িতে দেখলেন আজও সেই সাত মিনিটের মাথায় সুরটা শেষ হল। ঠোঁটের কোণায় হাসির ঝলক নিয়ে সাহেব ফের দর্শক আসনের দিকে মুখ তুলে চাইলেন। মঞ্চের একটা প্রদীপের শিখা বড় বেশি পুড়ছে, তার তলায় কালী জমে আছে পুড়ে পুড়ে! সাহেবের চোখের তলায় তেমনই কালি । সেদিকে বেশিক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকলে চোখে ধাঁধাঁ লেগে যায়। কিন্তু এও কি সম্ভব? দর্শক আসন ভর্তি! পরিপূর্ণ যাকে বলে। সকলের মিলিত হাততালিতে সমুদ্রের ঢেউও হার মানবে বলে মনে হয়। হাতাতালিগুলো যেন মিলিতভাবে বলছে- অ্যাঙ্কর, অ্যাঙ্কর। সাহেব ফের গিয়ে চৌকো আসনে এসে বসলেন। একটা সাদা রুমালে নিজের হাত মুছতে থাকেন। একটুও বিচলিত নন তিনি। এদিকে দর্শকেরা সমবেত স্বরে বলে ওঠেন, “লং লিভ মোৎসার্ট!”

সাহেব পকেটে রুমাল রাখতে রাখতে যেন ক্ষীণ স্বরে শুনতে পেলেন দর্শকরা তার উদ্দেশ্যে যেন বলছে- “লং স্টারভ মোৎসার্ট!”। ভুল শুনছেন নাকি সাহেব? দর্শকরা তাকে মরতে বলবেন কেন? ভয়ঙ্কর এই উক্তি মননে পৌঁছতেই টের পেলেন সাহেব অনেকদিন ভালো করে খাওয়া হয়নি তার। খালি পেটে সুর আর কল্পনা অনেক বেশী দানা বাঁধে। এ কেমন বিচার?

চোখ বন্ধ করে বসেছিলেন সাহেব অনেকক্ষণ। মঞ্চের এক বাদক এসে কাঁধে হাত রেখে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন “ঠিক আছেন?” সাহেব উঠে দাঁড়ালেন ফের স্ট্যান্ডের দিকে আসতে আসতে বললেন,

“হ্যাঁ। দেখছিলাম সুরগুলোর আকারগুলো, অনেকটা গোলগোল, ছোটো পাউরুটির মতন। তাই না?”

ভাবনার জগতে একদিনেরও ছুটি নেন নি সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *