পাঞ্জাবি তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে নাশকতার ছক ISI র! গ্রেফতার ২ - 24 Ghanta Bangla News
Home

পাঞ্জাবি তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে নাশকতার ছক ISI র! গ্রেফতার ২

Spread the love


রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের (Rajasthan)যোগসূত্র সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় পঞ্জাব থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে পাকিস্তানভিত্তিক দুই হ্যান্ডলারের…

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের (Rajasthan)যোগসূত্র সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় পঞ্জাব থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে পাকিস্তানভিত্তিক দুই হ্যান্ডলারের যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করা ওই দুই হ্যান্ডলার কৌশলে মহিলাকে নিজেদের ফাঁদে ফেলেছিল।

প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে এবং টাকার বিনিময়ে তাঁকে নাশকতার কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ। (Rajasthan)ধৃতদের নাম ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবিন্দর সিং। রাজস্থান পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও দেখুনঃ রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ধরাশায়ী করে এশিয়া কাপ ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ ১৯

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহকদীপ কৌরের সঙ্গে পাকিস্তানে থাকা দু’জন হ্যান্ডলারের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে একজনের পরিচিতি ছিল ‘চাচা’ নামে। অন্যজন ‘শাহ’ নামে পরিচিত ছিল। অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রথমে মহকদীপের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। পরে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাঁর বিশ্বাস অর্জন করে এবং আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তদন্তকারীদের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তরফে ভারতীয় নাগরিকদের নাশকতামূলক কাজে ব্যবহার করার ক্ষেত্রে এ ধরনের কৌশল নতুন নয়। এর আগেও গঙ্গানগরের বাসিন্দা বাবিতা নামে এক মহিলাকে একইভাবে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ফলে এই বিস্ফোরণের পিছনে আরও বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহকদীপ কৌর স্বামীর থেকে আলাদা থাকতেন। তাঁর স্বামী বর্তমানে মাদক পাচার সংক্রান্ত মামলায় জেলবন্দি। (Rajasthan)তদন্তে উঠে এসেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপকে টাকা দেওয়া হয়েছিল। তবে এই ঘটনায় ঠিক কত টাকা লেনদেন হয়েছিল এবং নাশকতার নির্দেশ সরাসরি কার কাছ থেকে এসেছিল, তা এখনও বিস্তারিতভাবে প্রকাশ করেনি পুলিশ।

ধৃত মহিলার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়নে ওই তিনজনও সাহায্য করেছিল। অভিযোগ, অভিযুক্তদের থাকার জায়গার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য মোটরসাইকেল সরবরাহ করা এবং ঘটনাস্থলে পৌঁছনোর জন্য পরিবহণের ব্যবস্থা করেছিল তারা।

তাদের ভূমিকা এবং পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে কোনও প্রত্যক্ষ যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেলপথ এবং বিস্ফোরণের জায়গায় প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই একই রেলপথ দিয়ে অনুপগড়-সুরতগড় যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। অর্থাৎ, ট্রেনটি কিছুটা আগে ওই জায়গা অতিক্রম না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তের পর গ্রেফতারির ঘটনায় নাশকতার পিছনে পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে।

তবে বিস্ফোরণের সম্পূর্ণ পরিকল্পনা, অর্থের উৎস, অস্ত্রের জোগান এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে রাজস্থান ও পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় দেশের রেল পরিকাঠামোকে লক্ষ্য করে কোনও বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছিল কি না, এখন সেটাই তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *