২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত, কৃষকদের জন্য এবার কোন পথে হাঁটতে চান মোদী? - 24 Ghanta Bangla News
Home

২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত, কৃষকদের জন্য এবার কোন পথে হাঁটতে চান মোদী?

Spread the love


নয়াদিল্লি: স্বাধীনতার পর দীর্ঘদিন খাদ্যশস্যের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়েছে ভারতকে। ষাটের দশকে সবুজ বিপ্লবের হাত ধরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধান ও…

নয়াদিল্লি: স্বাধীনতার পর দীর্ঘদিন খাদ্যশস্যের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়েছে ভারতকে। ষাটের দশকে সবুজ বিপ্লবের হাত ধরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধান ও গম উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করে দেশ। তৈরি হয় খাদ্যশস্যের বিশাল ভাণ্ডার। কিন্তু শুধু গুদাম ভর্তি শস্য থাকলেই কৃষকদের প্রকৃত উন্নতি হবে না। এবার কৃষকদের আয় বাড়ানো এবং তাঁদের ব্যবসায়িকভাবে স্বনির্ভর করে তোলার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া টুডে গ্রুপ আয়োজিত ‘কিষাণ টক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে হলে কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ জরুরি। কৃষকদের ক্ষমতায়ন ছাড়া সেই লক্ষ্য পূরণ সম্ভব নয়।

মোদীর বক্তব্য, সময়ের সঙ্গে বাজার, মানুষের খাদ্যাভ্যাস, আবহাওয়া এবং প্রযুক্তি সবকিছুই বদলেছে। অথচ দেশের কৃষিকাজের পদ্ধতিতে সেই অনুপাতে পরিবর্তন আসেনি। অতীতে সরকারগুলি মূলত খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর দিকেই নজর দিয়েছিল। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষকদের আয় বাড়বে, এমন নয়। তাই এবার উৎপাদনের পাশাপাশি উৎপাদনশীলতা এবং কৃষকদের লাভের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

কৃষকদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, জমিতে ফসল উৎপাদনের পরেই যাতে তার প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজন করা যায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছোট কৃষকদের নিয়ে তৈরি ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠন বা এফপিও (FPO) এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এর মাধ্যমে কৃষকরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং রফতানির বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পক্ষেও সওয়াল করেন মোদী। কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী সংস্থা, ক্ষুদ্র শিল্প এবং স্টার্টআপগুলিকে সৌরবিদ্যুৎ চালিত যন্ত্র তৈরির আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সেন্সর প্রযুক্তির সাহায্যে মাটির গুণমান পরীক্ষা করে কোন জমিতে কী ফসল চাষ করা উচিত, তা জানার ব্যবস্থার কথাও তুলে ধরেন।

প্রযুক্তির প্রয়োগে গ্রামীণ মহিলাদের অগ্রগতির উদাহরণ হিসেবে ‘নমো ড্রোন দিদি’ প্রকল্পের কথা বলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ড্রোনের সাহায্যে জমিতে সার ও কীটনাশক ছড়ানোর কাজ করছেন। ঝাড়খণ্ডের এক ড্রোন দিদির অভিজ্ঞতা জানিয়ে মোদী বলেন, এখন গ্রামের মানুষ তাঁকে ‘পাইলট’ বলে ডাকেন। এমনকী পরিবারের সদস্যরাও তাঁকে ‘পাইলট ভাবি’ বলে সম্বোধন করেন।

সব মিলিয়ে কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র হিসেবে নয়, আয়ের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, কৃষকদের হাতে উৎপাদনের পাশাপাশি প্রযুক্তি, বাজার এবং ব্যবসার সুযোগ পৌঁছে দিতে পারলেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সহজ হবে।

ডিজেলের দাম ৫০ টাকা বাড়ানোর পরিস্থিতি! ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, বড় দাবি মোদীর

ডিলিমিটেশন বিল নিয়ে ফের তৎপর মোদী সরকার, বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *