Bigg Boss Bangla: 'আগের সব কিছু ভুলে যা', রাজবীর মাকে নন্দিনীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন... | Rajveer's Mother Warns Him About Nandini in Bigg Boss Bangla House, Will She Accept Her? - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘আগের সব কিছু ভুলে যা’, রাজবীর মাকে নন্দিনীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন… | Rajveer’s Mother Warns Him About Nandini in Bigg Boss Bangla House, Will She Accept Her?

Spread the love

রাজবীরকে কী কী পরামর্শ দিলেন তিনি?

বিগ বসের ঘরে তুমুল প্রেম, আবার সেই প্রেমিকার হাতেই মার! হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজবীর আর নন্দিনীর কথাই হচ্ছে। গত সপ্তাহে রাজবীরের গায়ে হাত তোলায় বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে নন্দিনীকে। কিন্তু রাজবীরের মন যে এখনও নন্দিনীতেই আটকে! শিলিগুড়ি থেকে মা বিগ বসের ঘরে আসতেই তাই প্রেমিকার কথা জিজ্ঞেস করে বসল ছেলে। আর তারপর? ছেলের প্রশ্ন শুনেই থমথমে মায়ের মুখ! সোজা জানিয়ে দিলেন, ‘আগের সব কিছু ভুলে যা!’

ব্যাপারটা ঠিক কী ঘটেছে?

জমে উঠেছে বিগ বস বাংলার আসর। রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চড়ছে রোজই। তবে এবার সব কিছুকে ছাপিয়ে গেল রাজবীরের মায়ের এন্ট্রি। রাজবীর ভাবতেই পারেনি এত দূর শিলিগুড়ি থেকে মা আর ভাই তাকে দেখতে আসবে। মূল ফটকের ওপার থেকে মাকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে সে। বিস্ময় আর আবেগ মেশানো গলায় বলে, “ভাবতেই পারিনি তুমি আসবে।” হাসিমুখে বাড়ির বাকি সদস্যদের সঙ্গেও আলাপ করেন মা। সোনামণির সঙ্গেও কথা হয় তাঁর। ছেলের দুষ্টুমির অভিযোগ শুনে মায়ের মিষ্টি জবাব, “আর তো কটা দিন, একটু ওর দুষ্টুমি সহ্য করে নাও।”

তবে আসল ড্রামা শুরু হল যখন রাজবীর মায়ের কাছে নন্দিনীর কথা তোলেন। বিগ বসের ঘরেই তো ওদের প্রেমপর্ব শুরু। কিন্তু গত সপ্তাহে নন্দিনী যে কাণ্ড ঘটিয়েছে, তারপর কি আর মায়ের মন গলে? নন্দিনীর কথা উঠতেই হাসিমুখ মুহূর্তে বদলে গেল রাজবীরের মায়ের। বেশ কড়া সুরেই তিনি ছেলেকে বলেন, “এখন এসব নিয়ে কোনও কথা নয়। বাইরে আয়, তারপর… আগের সব কিছু ভুলে যা। আগে যা হয়েছে মাথায় রাখবি না এখন, খেলাটা মন দিয়ে খেল। জেতার জন্যই তো এখানে আসা।”

তিনি অবশ্য এও জানান যে, নন্দিনী তাঁকে ফোন করেছিল এবং নিজের কাণ্ডকারখানার জন্য ক্ষমাও চেয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজবীর যখন আবার নন্দিনীর কথা বলতে যায়, মাকে দেখাতে যান যে তিনি নন্দিনীর সঙ্গে কোন বিছানায় শুতেন। তখন মা রীতিমতো বকে চুপ করিয়ে দেন ছেলেকে।

মায়ের এই বকুনি দেখেই দর্শকদের মনে নানা প্রশ্ন জাগতে শুরু করেছে। নেটিজেনের একাংশ মনে করছেন, নন্দিনীর উপর এখনও বেজায় রেগে আছেন তিনি। আদৌ কি নন্দিনীকে ঘরের বউমা হিসেবে মেনে নেবেন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এদিকে বিদায় নেওয়ার আগে ছেলেকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। জিতুকে নিয়েও ছেলেকে সতর্ক করেছেন। স্পষ্ট বলেছেন, এখন খেলা এমন এক জায়গায় গিয়েছে যে, কারও উপর ভরসা না করে নিজের খেলা নিজেকেই গুছিয়ে নিতে হবে। মায়ের এই কড়া দাওয়াইয়ে রাজবীরের খেলায় কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *