কান্না – অংশুমান কর | বাংলা ছোটগল্প
২
সন্ধের দিকে হাজির হল সনাতন খুড়ো। সে খবর পেয়েছে যে, মালতীর মায়ের যায় যায় অবস্থা। তাই খবর নিতে এসেছে। তবে মালতী বুঝতে পারছে যে, কেবল খবর নিতে আসেনি সনাতন খুড়ো। এসেছে খানিকটা ওদের ভয় দেখাতেও। সনাতন খুড়ো এসেই মায়ের শরীরের একটু খোঁজখবর নিয়েই গণেশকে বলল, মালতীর মাটোর যা অবস্থা দ্যাঁখছি আজকালের মধ্যেই কিছু একট হঁয়্যে যাবেক। তুরা কিন্তু একদম কাঁদবি লাই। কাঁদলে আমার কিছু করার থাকবেক লাই। পত্থমেই বলে দিলম।
কথাগুলো খুড়ো বলল গণেশকে, কিন্তু উত্তর দিল মালতী। বলল, তুমি কি মায়ের খোঁজ নিতে এসেছ খুড়া, নাকি আমাদের ভয় দ্যাঁখাতে?
সনাতন খুড়ো বলল, ভয় কেন দ্যাঁখাব রে? তুর মায়ের বয়স হঁয়েছ্যে। মরার বয়সই হঁয়েছ্যে। এই বয়সে মানুষ মারা গ্যাঁলে কাঁদাকাটির তো কিছু লাই। আর তুদের উপর তো পবনদের দম্যে রাগ। মা মারা গ্যাঁলে যদি তুরা কাঁদিস, আমাকে কিছু করতে হবেক লাই। উ পবনই পুলিশকে খবরটো দিঁয়্যে দিবেক।
কথাটা ভুল বলেনি সনাতন খুড়ো। ওদের পাশের বাড়িটাই পবন বাউরির। একটা সময় গণেশ আর পবন দু-জনেই আসলাম চাচার জোগাড়ের কাজ করত। আসলাম চাচা বাড়ি বানাত। বাড়ি বানাতে চলে যেত এখানে, ওখানে। আজ বহরমপুর, তো কাল পুরুলিয়া। এরকমই একবার অনেক দূরের রায়গঞ্জে গিয়েছিল একটা অট্টালিকা বানাতে। সঙ্গে গিয়েছিল গণেশ আর পবন। সেখানেই পবনের সঙ্গে গণেশের টাকা পয়সার ভাগ নিয়ে বিস্তর ঝামেলা হয়েছিল। কাজের মাঝপথেই ফিরে এসেছিল পবন। কারণ আসলাম চাচা গণেশকে ছাড়তে রাজি হয়নি আর খানিকটা বাধ্যই করেছিল পবনকে বাড়ি ফিরে যেতে। সেই থেকেই পবনের খুবই রাগ গণেশের ওপর। ওর বউ দুলিও কথা বলে না মালতীর সঙ্গে। মা চলে যাওয়ার পর মালতী আর গণেশ যদি কাঁদে, পবন আর দুলি খবরটা ঠিকই দিয়ে দেবে পুলিশকে। কথাটা খুব একটা ভুল বলেনি সনাতন খুড়ো।
সনাতন খুড়োর কথা শুনে মালতী চুপ করে আছে দেখে গণেশ বলল, দ্যাখো খুড়া, বয়স হঁয়েছ্যে। মারা যাবে মালতীর মা। ইসবই সত্যি। কিন্তুক, আমরা কাঁদব লাই–ই কথাটো কী কঁর্যে বলি? কান্না কি কারুর হাঁত্যে থাকে?
সনাতন খুড়ো বলল, দ্যাখ বাপ, তুরা যদি মালতীর মা মারা গ্যাঁলে কাঁদিস, তো সিটো আমার উফরে খুবই চাপ হয়ে যাবেক। পধানমন্তী বলার পর ই তল্লাটে অ্যাখনো একটোও মিত্যু হয় লাই। পত্থম মারা যাবে মালতীর মা। তাতে যদি তুরা কাঁদিস, তুদের যদি পুলিশে ধরে লিয়ে যায়, তো পধান হিসেবে আমার সম্মানটো কুথায় থাকবেক? এ মিত্যুটো তোরা মান্যে লে বাপ। কাঁদাকাটি করিস লাই।
বলেই সনাতন খুড়ো আর দাঁড়াল না। সনাতন খুড়োর বয়স হয়েছে অনেক। বয়সের ভারেই খানিকটা কুজো হয়ে গেছে। আস্তে আস্তে হাঁটে। কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর ভোটে দাঁড়ায়। জিতেও যায়। প্রধানও হয়। মালতী দেখতে পেল কুঁজো একটা বুড়ো মানুষের কায়া অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সনাতন খুড়োর শেষ কথাগুলো শুনে মালতী বুঝতে পেরেছে যে, ওদের ভয় দেখাতে নয়, আসলে এক ধরনের ভয় থেকেই সনাতন খুড়ো ওদের বাড়িতে এসেছিল। মা মারা গেলে ওরা যদি কাঁদে, তাহলে সনাতন খুড়োর গ্রামটাই হবে সেই গ্রাম যেখানে এ তল্লাটে প্রথম প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হবে। বলা যায় না, হয়তো ওদের দলের থেকে কিছু শাস্তিও দিতে পারে খুড়োকে। এই ভয়টাই খুড়ো পেয়েছে।