‘যা ভয় পাচ্ছিলাম তাই হলো…’, নন্দিনী বাড়ি ফিরতেই কোন আক্ষেপের কথা জানালেন বাবা?
চলতি সপ্তাহে জমজমাট ‘বিগ বস’-এর ঘর। প্রতিযোগীদের পরিবারের কোনও না কোনও সদস্য এসেছেন তাঁদের সঙ্গে দেখা করতে। দুর্নিবার, সোনামণির মা থেকে তনুশ্রী-কন্যা, নজর কেড়েছেন সকলেই। একের পর এক পরিবারের লোকজনকে ‘বিগ বস’-এর ঘরে যেতে দেখে এ বার নয়া তথ্য প্রকাশ্যে আনলেন নন্দিনীর বাবা।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটা পোস্ট করেছেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। তিনি জানিয়েছেন, এই ভাবে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ তাঁরও ছিল। কিন্তু তার আগেই নন্দিনীকে বের করে দেওয়ায় সেই ইচ্ছেপূরণ হয়নি তাঁর। ১২ নভেম্বরের জন্য কলকাতা থেকে মুম্বইয়ের টিকিট বুকিং ছিল তাঁর।
টিকিটের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাকে বৃহস্পতিবার টিকিট পাঠাবার পর শনিবারেই এভিক্ট করে দিল। কত কিছু ভেবে রেখেছিলাম, গিয়ে বুঝিয়ে বলব কোনটা ঠিক করতে হবে। সবাই সুযোগ পেল, আমিই পেলাম না। এই আক্ষেপ সারাজীবন থাকবে।’ একইসঙ্গে সন্দীপকে বলতে শোনা যায়, ‘যা ভয় পাচ্ছিলাম, তাই হলো। না হলে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলাম।’
প্রসঙ্গত, সব সদস্যের সঙ্গে যেমন পরিবারের লোকজন দেখা করতে যাচ্ছে, ঠিক তেমনই সন্দীপেরও দেখা করার কথা ছিল নন্দিনীর সঙ্গে। কিন্তু সিক্রেট রুম থেকে মূল দুর্গে ফিরে আসার পরেই বেশ কিছু অভিযোগে শো থেকে বের করে দেওয়া হয় নন্দিনীকে।
সন্দীপের পোস্টে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ার। কেউ বলছেন, ‘এই জন্য আপনার মেয়ে দায়ী। সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়া উচিত ছিল।’ কারও মতে আবার, ‘সত্যিই আপনারা গেলে খুব ভালো হতো। অনবদ্য মুহূর্ত তৈরি হতে পারত। রাজবীরের প্রতিক্রিয়াও দেখা যেত।’