সম্প্রীতির বার্তা দিয়ে অন্য রকম অঙ্গে ভাইফোঁটা উদযাপন
সকাল ১০টা নাগাদ থানার সামনে হাজির হয়েছিল ইমরান, বসির, নাসিমা, অমিত, রাজু, মানিক ও অন্নপূর্ণারা। সেখানে সামিল হন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ডানকুনি থানার আইসি শান্তনু সরকার, শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায়, পরিবেশকর্মী মাবুদ আলি ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ও পুলিশরা। ডানকুনি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তামিমা মল্লিক বলেন, ‘বিদ্বেষ থেকে সমাজকে মুক্ত রাখতেই আমরা ভাইদের ফোঁটা দিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছি।’ ডানকুনি থানায় হাজির হওয়া কচিকাঁচারা বলে, ‘আমরা ডানকুনির নানা এলাকায় থাকি। আমাদের পাড়ার অনেকজন মিলে এখানে ভাইফোঁটা নিতে এসেছি। আমরা পুজোর সময়েও মিলেমিশে থাকি।’ পরিবেশকর্মী মাবুদ আলি বলেন, ‘সম্প্রীতির উৎসবে হাজির হতে পেরে আমি আনন্দিত। সেই সঙ্গে আমি আমার বাংলাকে নিয়ে গর্বিত।’