Mamata Banerjee: ‘আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না’, হুঁশিয়ারি মমতার – Bengali News | CM Mamata Banerjee again slams BJP over Bengali language
কামারপুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
কামারপুর: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল। তার সঙ্গে এবার দিল্লি পুলিশের একটি চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ উল্লেখের বিরোধিতা করে সরব হয়েছে রাজ্যের শাসকদল। মঙ্গলবার হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের নতুন অতিথি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানেও বাংলাভাষা নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না।” একইসঙ্গে এদিন কামারপুকুর-জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। আবার বিজেপি যুক্তি দিচ্ছে, দিল্লি পুলিশ কোনও ভুল করেনি। এই আবহে এদিন কামারপুকুরে এই অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। কেউ অসম্মান করার চেষ্টা করবেন না। একবার যা ব্রেনে নিয়েছি, ওটা ড্রেনে যাবে না। “