Photography Tips: আর লাগবে না DSLR! এই নিয়ম মানলেই ঝকঝকে ছবি উঠবে স্মার্টফোনে! | No Expensive Phone Needed: 5 Simple Tricks To Click DSLR Like Photos With Your Smartphone
কলকাতা: বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা আগের তুলনায় অনেক বেশি উন্নত। তবে ভাল ছবি তোলার জন্য সব সময় দামি স্মার্টফোনের দরকার নেই। কিছু সহজ কৌশল ও বিশেষ নিয়ম মেনে চললেই সাধারণ স্মার্টফোন দিয়েও অসাধারণ ছবি তোলা যায়। ভ্রমণের স্মৃতি ধরে রাখা, বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করা বা সোশাল মিডিয়ার জন্য ছবি তোলা – বেশ কিছু নিয়ম মানলে আপনার ফোন অনায়াসে টেক্কা দেবে বড় ডিএসএলআর ক্যামেরাকেও।
১- ছবি তোলার আগে ক্যামেরার লেন্স পরিষ্কার করুন: স্মার্টফোনে ছবি তোলার আগে অনেকেই ক্যামেরার লেন্স পরিষ্কারের বিষয়টি গুরুত্ব দেন না। অথচ ভাল ছবি পাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিন ফোন পকেট, ব্যাগ কিংবা হাতে থাকার কারণে ক্যামেরার লেন্সে ধুলো, ময়লা বা আঙুলের ছোপ পড়ে যায়। এর ফলে ছবি ঝাপসা ওঠে। তাই প্রতিবার ছবি তোলার ক্ষেত্রে ব্যাক ক্যামেরা ও সেলফি তোলার সময় ফ্রন্ট ক্যামেরা নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে পরিস্কার করে নিন। এতে ছবি আরও পরিস্কার ও ঝকঝকে হবে।
২- Grid Line ব্যবহার করুন: অধিকাংশ ফোনের ক্যামেরাতেই Grid Line ব্যবহার করা যায়। ক্যামেরার অ্যাপ থেকে সেটিংস খুলে 3×3 Grid Line চালু করে দিন। এটি ছবির বিষয়বস্তুকে সঠিকভাবে সাজাতে ও থার্ডসের নিয়ম অনুসরণ করতে সাহায্য করে। ছবির মূল বিষয়বস্তু গ্রিডলাইনের উপর বা দুটি লাইনের সংযোগস্থলে রাখলে ছবি আরও আকর্ষণীয় ও ব্যালান্সড দেখায়। ল্যান্ডস্কেপ, পোট্রেট বা খাবারের ছবি – প্রায় সব ধরণের ফটোগ্রাফির ক্ষেত্রেই এই কৌশন কার্যকর।
৩- ফোকাস ঠিক করুন: যে জায়গাটিকে ছবির মূল বিষয় হিসেবে দেখতে চান, স্মার্টফোনে স্ক্রিনের সেই জায়গায় ট্যাপ করে ফোকাস করুন। এতে ক্যামেরা অটোমেটিক ফোকাস ও আলোর ভারসাম্য ঠিক করতে পারবে। অনেক স্মার্টফোনে নিজে থেকে নিয়ন্ত্রণ করার সুবিধাও রয়েছে। ছবির কিছু অংশ বোঝা না গেলে এক্সপোজার কমিয়ে দিন। একই ভাবে এক্সপোজার বাড়িয়েও দিতে পারেন। এতে ছবির রং আরও স্বাভাবিক দেখাবে ও ডিটেইলস বজায় থাকবে।
৪- সঠিকভাবে ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করুন: ভাল ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে হালকা এডিটিং বেশ কার্যকর। এখন অনেক লেটেস্ট মডেলের ফোনে এআই এডিটিং অ্যাপগুলো ইন্সটল করা থাকে। যদি আপনার ফোনে অ্যাপগুলো না থাকে, তাহলে আপনি Adobe Lightroom, PicsArt- এর মতো অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস ও কালার ব্যালেন্স সামান্য বদল আনলেই ছবির সৌন্দর্য অনেকটা বেড়ে যায়।
৫- প্রয়োজন অনুযায়ী নাইট মোড ব্যবহার করুন: কম আলোতে ছবি তোলার জন্য নাইট মোড খুব কার্যকর। এই ফিচার একাধিক ছবি একত্রিত করে তুলনামূলক বেশি আলো দিয়ে একটি ছবি তৈরি করতে সাহায্য করে। ফলে রাতের ছবি আরও উজ্জ্বল ও পরিষ্কার হতে পারে। এর পাশাপাশি HDR ব্যবহার করুন। এই ফিচার ব্যবহার করলে ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশের মধ্যে ভারসাম্য বজায় থাকে ও ছবির মান আরও উন্নত হয়।
ভাল ছবির জন্য সবসময় উন্নত ক্যামেরা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সামান্য সচেতনতা। এই সহজ নিয়মগুলো মেনে চললেই সাধারণ স্মার্টফোন দিয়েও ভাল ছবি ওঠে।