‘পুষ্পা’ জাহাঙ্গিরের অবৈধ দখলে থাকা জমিতেই হবে আবাসের বাড়ি, বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

‘পুষ্পা’ জাহাঙ্গিরের অবৈধ দখলে থাকা জমিতেই হবে আবাসের বাড়ি, বার্তা শুভেন্দুর

Spread the love


কলকাতা: সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ধৃত জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু হতেই…

কলকাতা: সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ধৃত জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু হতেই তাঁকে নাম করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানালেন, উদ্ধার হওয়া জমিতে স্থানীয় দরিদ্র মানুষের জন্য আবাস যোজনা প্রকল্পের কাজ করা হবে। সন্দেশখালির ধৃত শেখ শাহজাহানের দখলে থাকা জমি নিয়েও প্রশাসনের পরিকল্পনার কথা জানান তিনি।

বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। জাহাঙ্গিরকে নিশানা করে শুভেন্দু বলেন, সরকারি জমিতে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। তাঁর কথায়, “পুষ্পা বলেছিল, ঝুঁকেগা নেহি! কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ওই জমি উদ্ধার করে গরিব মানুষের জন্য আবাস যোজনার কাজ হবে বলেও জানান তিনি।

শুধু ফলতা নয়, সন্দেশখালির সরবেড়িয়াতেও সরকারি জমি উদ্ধারের কথা বলেন মুখ্যমন্ত্রী। সরাসরি শেখ শাহজাহানের নাম উল্লেখ করে তাঁর দখলে থাকা জমিতে মাছের বাজার তৈরির পরিকল্পনার কথা জানান শুভেন্দু। বলেন, “শাহজাহানের জমিও উদ্ধার করে মাছ মার্কেট তৈরি হবে। এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।” তাঁর স্পষ্ট বার্তা, “এই সরকার কাউকে ছাড়বে না।”

এদিকে বুধবার সকাল থেকেই ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের ওই বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। বৃহস্পতিবারও সকাল থেকে বুলডোজার দিয়ে বাড়ির একাংশ ভাঙার কাজ চলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। প্রশাসনের অভিযোগ, সরকারি জমি দখল করেই বাড়িটি তৈরি করা হয়েছিল। এ নিয়ে জাহাঙ্গিরকে নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় প্রশাসন নিজেই ভাঙার কাজ শুরু করে।

একসময় ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় জাহাঙ্গিরের যথেষ্ট প্রভাব ছিল বলে স্থানীয় রাজনীতিতে পরিচিতি ছিল তাঁর। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে তাঁকে ফলতার প্রার্থী করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন ভোটের আগে অবশ্য প্রার্থী হিসেবে আর ময়দানে দেখা যায়নি জাহাঙ্গিরকে।

নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তাঁকে নেপাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যায়। এবার তাঁর বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বরেই কি ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’? বাংলার আবহাওয়ায় কী প্রভাব?

কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, জঙ্গি হামলার আশঙ্কা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *