ফোঁটার আনন্দে ভিনদেশি কিশোররা, বনকর্মীরাও সামিল - 24 Ghanta Bangla News
Home

ফোঁটার আনন্দে ভিনদেশি কিশোররা, বনকর্মীরাও সামিল

Spread the love

এই সময়: প্রস্তুতি চলেছিল দু’দিন আগে থেকেই। বোনেদের উপহার কী হবে, তাও ছিল ঠিক করা। অপেক্ষা ছিল শুধু অনুষ্ঠানের। জলপাইগুড়ির কোরক হোমে ভাইফোঁটার সকালে তাই সাজো সাজো রব। নতুন জামা পরে অন্যান্য আবাসিকদের সঙ্গে ফোঁটা নিতে হাজির মহম্মদ নুর আলি, রসিবুল, কাজি মহম্মদরাও (পরিবর্তিত নাম)।

স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন-এর উদ্যোগে প্রতি বছর সমাজকল্যাণ দপ্তরের অধীন কোরক হোমের আবাসিকদের নিয়ে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। হোম সংলগ্ন এলাকার মহিলারাই আবাসিকদের ফোঁটা দিয়ে থাকেন। এ বছর অনুষ্ঠানে অংশ নেয় ৮৯ জন আবাসিক। তাদের মধ্যে ছিল বাংলাদেশ, মায়ানমার ও পাকিস্তানের আট নাবালক। তবে এ বারের অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছে বাংলাদেশ ও মায়ানমারের নাবালকরা। ভিন দেশের রীতিনীতির সঙ্গে পরিচয় না থাকায় ভাইফোঁটা নিয়ে তাদের মনে তৈরি হয়েছিল নানা কৌতূহল। দুর্গাপুজো, কালীপুজোর মণ্ডপ ঘোরার পরে এ বার ভাইফোঁটার অনুষ্ঠান ঘিরেও ছিল তাদের প্রবল উৎসাহ। হোমের কর্মী ও সুপারের কাছে এই উৎসব সম্পর্কে নানা প্রশ্নও করে তারা।

হোম সুপার সৈকত প্রধান বলেন, ‘অন্যান্য আবাসিকদের সঙ্গে ওরাও নিজের হাতে শুভেচ্ছা কার্ড তৈরি করে বোনেদের উপহার দিয়েছে। বদল আনা হয়েছিল হোমের খাবারের মেনুতে।’ সীমান্তপারের নাবালকদের সঙ্গে সীমান্তে প্রহরায় থাকা জওয়ানরা ভাইফোঁটার আনন্দে সামিল হয়েছেন। মালদার বামনগোলায়। হবিবপুরের বিধায়ক ও রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জোয়েল মুর্মুর উদ্যোগে মঙ্গলবার রাতে সোনঘাট সীমান্তে ৮৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে পালিত হলো ভাইফোঁটা উৎসব। প্রায় ২৫ জন মহিলা জওয়ান তাঁদের সহকর্মী পুরুষ জওয়ানদের ফোঁটা দেন। লাগোয়া এলাকার মহিলারাও ফোঁটা দিয়েছেন। ফোঁটা নেন মন্ত্রীও।

সকলের হাতে তুলে দেন মিষ্টি, চকোলেট ও নতুন পোশাক। জঙ্গল ও বন্যপ্রাণী সুরক্ষায় থাকা বন দপ্তরের কর্মীরা যাতে ভাইফোঁটা থেকে বঞ্চিত না হন, সেজন্য জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি জঙ্গলে ভাইফোঁটার আয়োজন করলেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষে অনির্বাণ মজুমদার বলেন, ‘বন দপ্তরের কর্মীদের ইচ্ছা থাকলেও অনেকে ভাইফোঁটায় বাড়ি ফিরতে পারেন না। লাটাগুড়ি রেঞ্জের সব বনকর্মীকে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *