একশো বছরেও তৃণমূলকে আর পাবেন না: শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

একশো বছরেও তৃণমূলকে আর পাবেন না: শুভেন্দু

Spread the love

চঞ্চল প্রধান, নন্দীগ্রাম

নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনে শহিদদের স্মরণ অনুষ্ঠানে এসে বিরোধীদের আক্রমণের পাশাপাশি এই কয়েক মাসে তাঁর সরকারের হাত ধরে রাজ্যে কী কী উন্নয়ন হয়েছে তা তুলে ধরলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন ভাবনায় বিকশিত ভারত গড়ে উঠবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস। পশ্চিমবঙ্গে এ বার শিল্পায়নে গতি আসবে। ইতিমধ্যে দেশি–বিদেশি বেশ কিছু শিল্পগোষ্ঠী এবং কর্ণধারদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘রাজ্যে বিপুল বিনিয়োগ ঘটতে চলেছে।’

২০০৭–এ নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকাই ছিল না বলে দাবি করেন শুভেন্দু। মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে করপল্লিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহিদ স্মরণ সভায় এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, লড়াইটা ছিল স্থানীয় মানুষের সঙ্গে সিপিএমের। আন্দোলনকারীদের জখম কিংবা শহিদ হওয়ার পিছনে সিপিএমকে কাঠগড়ায় তুলে ১৯ বছর পরেও পুরোনো মামলা রিওপেন করে সিপিএমের তৎকালীন নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমানে নন্দীগ্রাম–১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী দায়িত্ব নিয়ে এই আয়োজন করেন। শহিদ পরিবারের বহু সদস্য সভামঞ্চে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক হাসিরানি রথ, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, নন্দীগ্রাম–১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাহু, শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস, কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস প্রমুখ।

সভামঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত বছর বলেছিলাম নন্দীগ্রামে শহিদ স্মরণ দিবস পালন করতে আসব। আমরাই আসব। কিন্তু তৃণমূলকে পাবেন না। আগামী একশো বছরেও এদের পাবেন না। আমার কথা রেকর্ড করে রেখে দিন। তৃণমূলের নাম ও নিশান দুটোই উঠে গিয়েছে।’

২০০৭–এর জানুয়ারি জমি রক্ষার যে আন্দোলন শুরু হয় তা শেষ হয় ১০ নভেম্বর। দীর্ঘ আন্দোলন পর্বে বহু মানুষের মৃত্যু ঘটে। আন্দোলনকারীদের হিসাব বলছে ৪১ জনের মৃত্যু হয়েছিল। ১০ নভেম্বর গোকুলনগরের করপল্লিতে আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়। তাতে শ্যামলী মান্না এবং শেখ রেজাউল–সহ ২ জনের মৃত্যু হয়। সেদিন বারাতলা গ্রাম পঞ্চায়েত অফিসে আন্দোলনকারীদের আটকে রেখে মারধর করা হয়। পরে সবাইকে ছেড়ে দেওয়া হলেও ১১ জনকে নিয়ে যাওয়া হয় সিপিএমের কামারদা পার্টি অফিসে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘কামারদা পার্টি অফিসে ১১ জনকে পিস পিস করে কাটা হয়। ফেলা হয় সাগরে। ঘটনায় তৎকালীন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ ১৮১ দিন জেলে ছিলেন। নন্দীগ্রামের মানুষ আজও আন্দোলনকারীদের উপরে অত্যাচারকারী, দোষী ব্যক্তিদের বিচার চান।’

এদিন সাংবাদিকদের সামনে সিপিএমের হিংস্রতার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘এফআইআর করলে গোঘাটের অভয় ঘোষ, তালডাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। নতুন করে কেস ওপেন করলে আমি ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *