হ্যামিল্টনে হঠাৎ ভ্যানিশ রোহিত! ১৫ মিনিট নিখোঁজ ছিলেন হিটম্যান, খুঁজে পায়নি টিমের কেউ
১৫ মিনিট কোথায় ছিলেন রোহিত?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের বাস সেডন পার্কে পৌঁছনোর পর রোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাস থেকে নামার পর তিনি কোথায় গিয়েছেন, তা নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। প্রায় ১৫ মিনিট তাঁর কোনও খোঁজ মেলেনি। বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার সম্ভাবনা কম থাকায় ক্রিকেটারদের অনেকেই মাঠে নামেননি। ফলে রোহিতের অনুপস্থিতি আরও নজরে আসে।
এর পর অধিনায়ক শুবমান গিল, প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং সাপোর্ট স্টাফরা বাস থেকে নেমে মাঠের ভিতরে চলে যান। অন্য ক্রিকেটারদের নিয়ে বাসটি হোটেলের উদ্দেশে রওনা দেয়। সেই বাসেই ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত। তবে বাস থেকে নামার পর ওই ১৫ মিনিট রোহিত কোথায় ছিলেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। পরে তাঁকে বিরাটের সঙ্গে হোটেলে ফেরার বাসে দেখা যায়। বৃষ্টির জন্য ম্যাচ না হলেও রোহিতের এই হঠাৎ অন্তর্ধান নিয়ে দলের অন্দরে তৈরি হয় কৌতূহল।
রোহিতের অন্যমনস্কতা নিয়ে আগে থেকেই নানা গল্প
রোহিতের এই ঘটনার সঙ্গে তাঁর ভুলে যাওয়ার স্বভাবের কোনও যোগ রয়েছে কি না, তা জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেটে তাঁর অন্যমনস্কতা নিয়ে এর আগেও একাধিক মজার ঘটনা সামনে এসেছে। মাঠে কিংবা মাঠের বাইরে, নানা সময়ে নিজের কাজ বা প্রয়োজনীয় জিনিস ভুলে গিয়ে সতীর্থদের হাসির খোরাক হয়েছেন তিনি।