Sonu Nigam Son: মাত্র ৪ বছর বয়সে ‘কোলাবেরি ডি’ গেয়ে ভাইরাল! এখন কী করছেন সোনু নিগমের ছেলে? | Remember The ‘Kolaveri Di’ Kid? Sonu Nigam’s Son Is 19 Now
সোনু নিগম (Sonu Nigam)-এর সেই গোলগাল মিষ্টি ছেলের কথা মনে আছে? হ্যাঁ, সেই বাচ্চাটা, যে মাত্র ৪ বছর বয়সে স্টুডিয়োতে দাঁড়িয়ে আধো আধো গলায় গেয়েছিল ‘কোলাবেরি ডি’! ভিডিওটা সেই সময় ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছিল। এরপর মাত্র সাড়ে চার বছর বয়সে বাবার সঙ্গে স্টেজে উঠে ‘অভি মুঝমে কহিঁ’ গেয়েও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সে। চোখের পলকে অনেকটা সময় কেটে গিয়েছে। সেই ছোট্ট নেভান নিগম আজ ১৯ বছরের এক ছিপছিপে, হ্যান্ডসাম যুবক! ভাবছেন, এখন তিনি কী করেন?
কী বলেছেন সোনু?
নেভান নিগম (Nevaan Nigam) ছোটবেলায় বেশ লাজুক ছিল। বাবার সামনে গান গাইতেও নাকি তার লজ্জা লাগত! যে ছেলেটার ৩ মিনিট একটানা দৌড়তে কষ্ট হত, সে এখন দিনে ১৬ ঘণ্টা রেওয়াজ করে। ঘণ্টার পর ঘণ্টা নাচের অনুশীলন করে নিজেকে ঘষেমেজে তৈরি করেছে সে। হলিউডের বিখ্যাত কোচদের কাছে তালিম নিচ্ছে। এখন আর সে ক্যামেরার পিছনে লুকিয়ে থাকে না, বরং কিংবদন্তি শিল্পীদের সঙ্গে এক টেকেই গান রেকর্ড করে ফেলে। সোশাল মিডিয়ায় ছেলের এই অবাক করা রূপান্তরের কথা জানিয়ে আবেগপ্রবণ সোনু ও তাঁর স্ত্রী মধুরিমা।
এই দীপাবলিতে নিজের প্রথম শর্ট ফিল্ম নিয়ে হাজির হলেন নেভান। নাম ‘স্লাইড’ (Slide)। গান এবং অভিনয়ের এক দারুণ ককটেল এটি। বাবা বা ঠাকুরদার চেনা রাস্তা দিয়ে না হেঁটে, নিজের জন্য একেবারে নতুন এক দুনিয়া বেছে নিয়েছেন তিনি।
‘স্লাইড’ আসলে একটি সায়েন্স ফিকশন এবং মিউজিক্যাল শর্ট ফিল্ম। গল্পটা বেশ মজার। একজন বিজ্ঞানী টাইম মেশিনে চেপে সময় পরিভ্রমণে বেরিয়ে হারিয়ে যায়। ওয়াইল্ড ওয়েস্ট থেকে শুরু করে ডিস্কো যুগ— নানা সময়ের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় সে। তার কাছে থাকা একটা জাদুকরী ঘড়ি আর দস্তানা ছাড়া বাড়ি ফেরার কোনও উপায় নেই। সেই যাত্রাপথে এক রহস্যময়ীর সঙ্গে তার দেখা হয়। আর তাকে ঘিরেই তৈরি হয় নানা রোমাঞ্চকর ঘটনা। এই ছবির পরিচালনা নেভান ও আলেকজান্ডার কোবিয়ান মিলে করেছেন।
ছেলের এই নতুন শুরুতে ভীষণ খুশি সোনু নিগম। তবে সোশাল মিডিয়ায় লম্বা পোস্টে তিনি জানিয়েছেন, ‘গর্বিত’ শব্দটা তিনি জীবনে ব্যবহার করতে চান না। কারণ তিনি ছেলের এই সাফল্যে কেবলই ঈশ্বর ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। ছেলেকে যেন কখনও অহংকার ছুঁতে না পারে, সেই শিক্ষাই দিয়েছেন গায়ক। নেভান যেন সততা, পরিশ্রম আর বিনয়ের সঙ্গে নিজের পথ তৈরি করতে পারে, অনুরাগীদের কাছে সেই আশীর্বাদই চেয়েছেন সোনু।