Mamata Banerjee: নেই পরিচিত মুখের ভিড়, পালাবদলের পর মমতার বাড়ির কালীপুজোয় কারা এলেন? ফিরহাদ-অরূপদের দেখা কি গেল? | Mamata Banerjee Celebrates Kali Puja at Kalighat Home, Several Former Close Aides Missing
বাঁদিকে আগের কালীপুজোয় মমতা ও ফিরহাদ, ডান দিকে এই বছরের কালীপুজোয় মমতা
কলকাতা: দীপান্বিতা অমাবস্যায় উপলক্ষে প্রত্যেক বছর কালীপুজো (Kali Puja) হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। তবে, এবারের কালীপুজোটা একটু অন্যরকম। রাজ্যে পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো (Mamata Kalipuja)। এবারও জাঁকজমক ভাবেই পুজো করলেন। নিজেই পুজোর সমস্ত তদারকি করেছেন। কিন্তু, মুখ্যমন্ত্রী থাকাকালীন যে মুখগুলোর ভিড় তাঁকে ঘিরে থাকত, এবারে তাঁরা অনুপস্থিত। অনেকে বলছেন, এবার কালীপুজোয় অচেনা ছবি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
গত বছরেরই কথা। তখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। কালীপুজোর দিন মমতার হরিশ চ্যাটার্জির স্ট্রিটের বাড়িটা রীতিমতো গমগম করছিল। দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের ভিড়। পুজোর তদারকি থেকে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন মমতার একদা ঘনিষ্টরা। কিন্তু, ক্ষমতা হারানোর পর এবারের পুজোয় সেই ঘনিষ্ঠ, চেনা মুখগুলোকেই দেখা গেল না। নেই টলিউড তারকাদের ভিড়ও। তবে, চেনা ছন্দেই দেখা গিয়েছে মমতা বন্ধ্যোপাধ্যায়কে। চিরাচরিত আটপৌঢ়ে শাড়িতে নিজের হাতেই পুজোর সব কাজের তদারকি করছিলেন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতার পুজোতে কারা এলেন?
রবিবার মমতার বাড়ির কালীপুজোয় দেখা গেল সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেনদের। আর ছিলেন তৃণমূল কর্মীরা। সাধারণত, কালীপুজোর দিন, কালীপুজোর পরের দিন দধিকর্মা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসেন। এবারও কালীঘাটের বাড়িতে এলেন কর্মীরা। কালীঘাটের বাড়িতে ভিড় করলেন ফেসবুক ওয়ারিয়ব থেকে নব প্রজন্মের কর্মীরা।
কারা এলেন না?
মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতার বাড়ির প্রত্যেক কালীপুজোয় থাকতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। এবারের কালীপুজোয় সেই ফিরহার-অরূপরা মমতার বাড়ি মুখোই হলেন না। উল্লেখ্য,রাজ্যে পালাবদলের পর তাঁরা মমতার হাত ছেড়ে ঋত শিবিরে চলে যান।
কী বলছেন কুণাল ঘোষ?
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “গত বছর পর্যন্ত যাঁরা এই জায়গাটা ঘিরে থাকতেন, আলো করে থাকতেন, মমতাদির বাড়ির পুজোতে না এলে যাঁদের দিন শুরু হত না, তাঁরাই নাকি উপোস করে বসে থাকতেন, সেগুলো যে অর্ধেক গদ্দার, বেইমান, তা তো প্রমাণ হয়ে যাচ্ছে। মমতাদির সৌজন্যে, মমতাদির দল, মমতাদির প্রতীক জনপ্রিয়তা ব্যবহার করে কেউ কাউন্সিলর, কেউ বরো চেয়ারম্যান, ডেপুটি মেয়র, কেউ মেয়র, কেউ বিধায়ক, কেউ সাংসদ হয়েছেন। এখন যাঁরা বেইমান, গদ্দার, তাঁরা কোন মুখে আসবেন? দু’দিকে সমস্যা। এক, লজ্জায় দিদির সামনে দাঁড়াবেন কীভাবে? তারপর তাঁদের রাজনৈতিক বাবারা রেগে যাবেন। সেই কারণে তাঁরা আসতে পারছে না। যদিও তাতে কিছু এসে যায় না। খুব সুন্দর করে পুজো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।