Agnimitra Paul: কালীপুজোর রাত, কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন অগ্নিমিত্রা, কেন? | Agnimitra Paul Conducts Night Patrol Across South Kolkata to inspect Kali Puja Firecracker Violations
কলকাতা: কালীপুজোর (Kalipuja) রাত। শহরের পাড়ায় পাড়ায়, বিভিন্ন মোড়ে কালীপুজোর আয়োজন চলছে। অনেকে আবার সেজেগুজে বেরিয়েছেন ঠাকুর দেখতে। আবার কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা পাত পেড়ে খাওয়া-দাওয়া। কিংবা কেউ পোড়াচ্ছেন বাজি। ঠিক সেই সময় কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
কোথায় কোথায় গেলেন মন্ত্রী?
বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাজি নিয়ে কড়া নিয়ম জারি করে রাজ্য সরকার। বেধে দেওয়া হয় কিছু নিয়ম-বিধি। কিন্তু, আদৌ কি তা মেনে চলা হচ্ছে? তা খতিয়ে দেখতেই রাতেই অভিযানে নামেন মন্ত্রী। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ঘুরে দেখেন তিনি। পুলিশের গাড়িতেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হানা দেন মন্ত্রী। বেশ কয়েক জায়গায় কড়া ভাষায় নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে।
বাজি বিধি
রাজ্য সরকারের তরফে আগেই কালীপুজো ও ছটপুজোয় বাজি ফাটানোয় বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়। কেবল পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ফাটানোর অনুমতি থাকবে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়।
কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয়। বহুতল আবাসনগুলোতে বাজি ফাটানোর সময় ধোঁয়ার মাত্রার দিকে নজর রাখতে বলা হয়। পাশাপাশি ফানুস ওড়ানোর জন্য অগ্নি নির্বাপক (ফায়ার) বিভাগের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়।
হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। নিয়ম না মানলে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেয় রাজ্য সরকার।