Gold Scheme: ঘরে রাখা সোনা থেকেই হবে প্রচুর আয়, গোল্ড মনিটাইজেশন স্কিমের কথা জানেন? | Gold Monetization Scheme Explained: How to Earn Interest on Idle Gold Amid Rising Import Duty
নয়া দিল্লি: সোনার (Gold Price) উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে শুল্ক। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে এক বছরের জন্য সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। এখানেই প্রশ্ন উঠেছে, সোনায় বিনিয়োগ বা তা ব্যবহারের জন্য আর কী বিকল্প উপায় রয়েছে? এই জটিল পরিস্থিতিতে গোল্ড মনিটাইজেশন স্কিম (Gold Monetization Scheme) আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
গোল্ড মনিটাইজেশন স্কিম কী?
যে কোনও ভারতীয় তাঁর বাড়িতে বা ব্যাঙ্কের লকারে রাখা গয়না, মুদ্রা বা বারের মতো সোনা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাঙ্কে জমা রাখতে পারেন। এর বিনিময়ে, ব্যাঙ্ক সেই সোনার উপর সুদ প্রদান করবে। মেয়াদ শেষে, গ্রাহক সোনার বর্তমান মূল্য অনুযায়ী টাকা তুলে নিতে পারেন কিংবা আসল সোনা ফেরত দিতে পারেন। এই প্রকল্পের লক্ষ্য হল বাড়ি, প্রতিষ্ঠান এবং মন্দিরে পড়ে থাকা অব্যবহৃত সোনাকে কাজে লাগানো এবং সোনা আমদানির উপর দেশের নির্ভরতা কমানো।
যে বিষয়টি মনে রাখবেন
এই প্রকল্পের সবচেয়ে বড় শর্ত হল, জমা রাখা গয়না ফেরত দেওয়া হয় না। ব্যাঙ্ক গয়নাগুলো গলিয়ে সোনার বারে রূপান্তরিত করে। যদি গয়নায় পাথর বা রত্ন থাকে, তবে সেগুলো খুলে ফেরত দেওয়া হয়। এছাড়াও,ভেজাল পাওয়া গেলে জমা রাখা সোনার পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে।
কীভাবে গোটা প্রক্রিয়া হবে?
প্রথমে, ব্যাঙ্কে একটি জিরো-ব্যালেন্স গোল্ড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে। তার আগে কেওয়াইসি (KYC) করাতে হবে। এরপর ওই সোনা ব্যাঙ্কের তালিকাভুক্ত একটি কালেকশন অ্যান্ড পিউরিটি টেস্টিং সেন্টারে (CPTC) জমা রাখা হয়। সেখানে সোনা পরীক্ষা করা হয় ও মূল্য নির্ধারণ করা হয়। ব্যাঙ্ক প্রায় ৩০ দিনের মধ্যে সোনার মূল্য আপনার অ্যাকাউন্টে জমা করে দেয় এবং একটি ডিপোজিট সার্টিফিকেট ইস্যু করে।
সোনা জমা দেওয়ার আগে কী কী যাচাই করতে হবে?
সোনা জমা রাখার আগে, সুদ প্রদানের পদ্ধতি সম্পর্কে জেনে নিন। কিছু ব্যাঙ্ক বার্ষিক সুদ প্রদান করে, আবার অন্যগুলো শুধুমাত্র মেয়াদ পূর্তিতে সুদ দেয়। মেয়াদ পূর্তির আগে টাকা তোলার সুযোগ আছে কিনা এবং মেয়াদপূর্তির অর্থ সোনায় নাকি নগদে দেওয়া হবে, তা স্পষ্ট করে নেওয়াও জরুরি।