ফোঁটা দেবেন ভাইকে, নিখোঁজ রতনের পথ চেয়ে দিদি - 24 Ghanta Bangla News
Home

ফোঁটা দেবেন ভাইকে, নিখোঁজ রতনের পথ চেয়ে দিদি

Spread the love

ক’দিন আগে উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেক রুটে তুষারধসের কবলে পড়ে সেই যে রতন নিখোঁজ হয়েছেন, এখনও সন্ধান মেলেনি বাঁকুড়া-২ ব্লকের আঁচুড়ি শালবনি গ্রামের তরতাজা এই যুবকের। তাঁর ঘরে ফেরার অপেক্ষায় চেয়ে রয়েছেন পরিজনরা। রতনদের অভাবী পরিবার। বাড়িতে রয়েছেন তাঁর মা-বাবা এবং ভাই। দিদির বিয়ে হয়েছে আট বছর আগে। বাবার সঙ্গেই চা দোকান চালাতেন ২৩ বছরের রতন। ছিল বেড়ানোর নেশা। সেই নেশায় প্রতি বছরের মতো এ বারও ২৪ অক্টোবর চার বন্ধুর সঙ্গে তিনি পাড়ি দেন উত্তরাখণ্ডে। বাকি চার জন আঁচুড়ি শালবনি গ্রামের রিন্টু মণ্ডল, তাপস বাউড়ি, উদয় ঘোষ এবং পার্শ্ববর্তী কেশরা গ্রামের মনোজ খাওয়াস। উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেক রুটে তুষারধসের কবলে পড়ে পাঁচ জনই নিখোঁজ হয়ে যান। পরে ওই দুর্গম এলাকা থেকে উদ্ধার হয় রিন্টু, উদয়, তাপস ও মনোজের দেহ। এখনও নিখোঁজ পঞ্চম বন্ধু রতন। রবিবার কালীপুজোর দিন সকালেই উত্তরাখণ্ড থেকে গ্রামে এসে পৌঁছয় উদ্ধার হওয়া চার বন্ধুর কফিনবন্দি দেহ। কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের লোকজন, গ্রামবাসীরা। থমথমে পরিবেশ রতনের বাড়িতে। বার বার ডুকরে কেঁদে উঠছেন মা ও দিদি। কিছুতেই মন স্থির রাখতে পারছেন না বাবা, ভাইও। বাবা ভোলানাথ ঘোষ বলছিলেন, ‘রতন ছিল আমার বড় ভরসা। মন বলছে, ছেলে জীবিত আছে। খোঁজ করলে নিশ্চয়ই কোথাও ওকে পাওয়া যাবে। সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলেকে খুঁজে আনা হোক।’ ছেলের অপেক্ষায় পথ চেয়ে থাকা বাবার আক্ষেপ, ‘এ বার ওকে ছাড়তে মন সায় দেয়নি। যেতে নিষেধও করেছিলাম, কিন্তু কথা শোনেনি সে। জেদ করেই ঘুরতে গিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *