এনক্লোজ়ার মে 'সুড়ঙ্গ'? পগারপার 'ডুয়ার্সরানি'
এই সময়, আলিপুরদুয়ার ও কলকাতা: ‘হামারে জেল মে সুড়ঙ্গ…!’ ‘শোলে’ ছবিতে আসরানির সেই বিখ্যাত সংলাপ যদি বক্সার জঙ্গলের প্রেক্ষাপটে ফেলে দেওয়া হয়, তা হলে বলতে হয় জঙ্গলমে সুড়ঙ্গ…!’ ‘হামারে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে জয় ও বীরু জেল থেকে পালানোর মতলবে জেলারের ‘খবরি’-র কানে দিয়েছিলেন সুড়ঙ্গ খোঁড়ার গল্প। সেই গল্প ‘খবরির’ মারফত জেনেছিলেন ‘আংরেজো কে জমানাকে জেলার’। কিন্তু ঝুড়ির তলায় সুড়ঙ্গ খুঁজতে গিয়ে হাত পুড়িয়ে সে কী কাণ্ড! রিলের সঙ্গে মিল না-থাকলেও রিয়ালিটিতে যেন সে রকমই এক সুড়ঙ্গ খুঁড়ে চম্পট দিল এক না-মানুষ।
এক বার নয়, এ নিয়ে দু’বার বক্সা ছেড়ে পালাতে সক্ষম হলো ঢাক-ঢোল পিটিয়ে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলার বক্সায় আনা বাঘিনি (বিটিআর টিএফ-১)। মাত্র পাঁচ দিনের ব্যবধানে গুচ্ছ সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়িয়ে রবিবার এনক্লোজার ভেদ করে ক্রমশ পূর্বদিকে এগিয়ে চলেছে সে। ঘটনায় স্তম্ভিত বন দপ্তর। হয় লোহার জালের বাউন্ডারির তার ছিঁড়ে, অথবা সুড়ঙ্গ দিয়ে এনক্লোজার পেরিয়েছে বছর তিনেকের ওই বাঘিনি। বনকর্তাদের জোরালো অনুমান দ্বিতীয় সম্ভাবনাটির দিকেই। অকুস্থল খতিয়ে দেখে বনকর্তাদের ধারণা, চার দিকে কংক্রিটের প্রায় দু’ফুট চওড়া এবং প্রায় চার ফুট গভীর দেওয়ালের নীচের মাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিটিআর টিএফ-১ পায়ের সাহায্যে খুঁড়েছিল। অন্য বাঘের এ ভাবে এনক্লোজার ভেদ করে পালানোর ঘটনাও বিরল বলেও জানিয়েছেন বনকর্তারা।
এ দিন বেলা দেড়টার পর থেকে বাঘিনির অবস্থান ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক ঘেরাটোপ থেকে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। মাঝে সে পার করেছে বালা নদী ও ২৭ মাইল বস্তি। গত মঙ্গলবার অসমের রায়মোনা টাইগার রিজার্ভ সংলগ্ন কোকরাঝাড়ের দোতমার গেলাগুড়ির লৌসা নদীর ধার থেকে ১৩ দিন পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ওই বাঘিনিকে ফেরানো হয়েছিল আলিপুরদুয়ারের বক্সার এনক্লোজারে। তার ঠিক পাঁচ দিনের মাথায় এ দিন দুপুরে লোহার জাল ছিঁড়ে বা পায়ের সাহায্যে সুড়ঙ্গ খুঁড়ে সেখান থেকে পগারপার হয়ে যায়। ঘটনায় চোখ কপালে উঠেছে বনকর্তাদের। গত ২ অক্টোবরের আগে থেকেই ওই এনক্লোজারের ভিতরের পরিবেশের সঙ্গে পরিচিত হয়েছিল বাঘিনি। সেখানে জল এবং শিকারের কোনও অভাব নেই। তবু প্রথমবার তার পালিয়ে যাওয়ার ধরণ বিশ্লেষণ করে বনকর্তারা একমত হন যে, অসমে গিয়ে অবশ্যই কোনও বাঘের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল। শুধু তাই নয়, ওই বাঘের রীতিমতো আনাগোনা রয়েছে বক্সার জঙ্গলে। তারই তীব্র ‘সেন্ট মার্ক’ ধরে ওই বাঘিনি সেই বাঘের জন্য ফের অসমমুখী হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পজুড়ে। বাঘিনির গলায় ঝোলানো হাই-ফ্রিকোয়েন্সি রেডিয়ো কলারের সঙ্কেত ধরে তার পিছু নেন ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী।
জঙ্গলে নামানো হয় তিনটি কুনকি হাতি ভরত, সারথি এবং ভিট্টালাকে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ মাইল বনবস্তির পেরোনোর পরে তার আর কোনও হদিশ পায়নি বন দপ্তর। প্রাথমিক অনুমান, সম্ভবত শ্যাডো জোনে চলে যাওয়ার দরুণ কাজ করছে না গ্রাউন্ড ট্র্যাকিং এবং উপগ্রহ নিয়ন্ত্রিত রেডিয়ো কলার প্রযুক্তি। বন দপ্তরের চিন্তার কারণ এখন এটাই যে, রাতারাতি বিটিআর টিএফ-১ সঙ্কোশ নদী পার করে ফের রায়মোনার উত্তর রেঞ্জের জঙ্গলে চলে যায়, তা হলে বাঘিনির ভবিষ্যৎ কী হবে! এক বনকর্তা বলেছেন, ‘ঘটনায় আমাদের মাথা ঘুরে গিয়েছে। এই মুহূর্তে কিছু বলার মতো পরিস্থিতিতে আমরা নেই।’