চার লক্ষ অতিথির আপ্যায়ন, ঘোড়দৌড় প্রতিযোগিতায় জিতলে গাড়ি, মেয়ের বিয়েতে এলাহি আয়োজন অনন্ত সিংয়ের
চার লক্ষ মানুষের জন্য ভোজের আয়োজন। ঘোড়দৌড়ের বিজয়ীর জন্য মহিন্দ্রা থর, দ্বিতীয় স্থানাধিকারীর জন্য মোটরবাইক। সাজসজ্জায় বিদেশ থেকে আসছে ফুল, আর সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বলিউড ও ভোজপুরি জগতের একঝাঁক তারকা। বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের এমন রাজকীয় আয়োজন ঘিরে চর্চা তুঙ্গে।
এই এলাহি আয়োজনের তালিকায় এ বার জুড়ল আরও এক চমক। মেয়ের বিয়েতে শুধু ভারত নয়, পাকিস্তান থেকেও অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। অনন্তের কথায়, তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সঙ্গে যাঁদের যোগাযোগ রয়েছে, তাঁরা যে দেশেই থাকুন, সকলেই আমন্ত্রিত।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত জানান, তাঁর কাছে যাঁদের ফোন নম্বর রয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শুধু বিহার বা ভারতের বিভিন্ন প্রান্ত নয়, পাকিস্তানেও পাঠানো হচ্ছে নিমন্ত্রণ। তাঁর কথায়, ‘হিন্দুস্তান-পাকিস্তান, যেখান থেকেই আসতে চান, আসুন। সকলকে স্বাগত।’ রাজনৈতিক বিভাজনকেও বিয়ের অনুষ্ঠানের বাইরে রাখতে চান তিনি। অনন্তের বক্তব্য, ভোটের সময় শাসক-বিরোধী বিভেদ থাকতে পারে, কিন্তু বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে সেই ভেদাভেদ থাকা উচিত নয়।
এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে অনন্তের। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, RJD প্রধান লালুপ্রসাদ যাদব এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে সব পক্ষের নেতাদেরই মেয়ের বিয়েতে দেখতে চান তিনি।
আগামী ২৫ নভেম্বর অনন্তের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র পাটনার বিহতার কৃষ্ণনগরের বাসিন্দা ঋষিকেশ কুমার, যিনি অঙ্কিত নামেও পরিচিত। পৈতৃক গ্রাম নাদওয়া-লদমায় প্রায় ১০ বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। সাজসজ্জার জন্য উত্তরপ্রদেশের মৌ থেকে আনা হয়েছে কর্মীদের । অতিথিদের স্বাগত জানাতে বিদেশ থেকেও ফুল আনার ব্যবস্থা হচ্ছে।
একই দিনে অনন্তের ছোট ছেলে অভিনবের উপনয়ন অনুষ্ঠানও রয়েছে। দুই অনুষ্ঠান মিলিয়ে প্রায় চার লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক। ২০ নভেম্বর তিলক ও ফলদানের অনুষ্ঠান হওয়ার কথা।
এ ছাড়া বিয়ে উপলক্ষে এক বিশেষ ঘোড়দৌড়ের আয়োজনও করা হয়েছে। তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে বিশেষ ঘোড়া। প্রতিযোগিতায় প্রথম হলে পুরস্কার হিসেবে মিলবে মহিন্দ্রা থর, দ্বিতীয় স্থানাধিকারী পাবেন একটি মোটরবাইক। তবে পরিবেশের কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানে বাজি না পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত।
তবে এই বিপুল আয়োজনের মাঝেই আদালতের রায়ে খানিক বিপাকে পড়েছেন অনন্ত সিং। একদিকে জনতা দল ইউনাইটেড থেকে সম্প্রতি বহিষ্কৃত হয়েছেন তিনি। আবার দুলারচাঁদ যাদব হত্যা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ ডিসেম্বর তাঁর আত্মসমর্পণের কথা। অর্থাৎ মেয়ের বিয়ের মাত্র ছ’দিন পরেই আদালতের নির্দেশ কার্যকর করতে হবে তাঁকে।