Train Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে ট্রেন, ভস্মীভূত একের পর এক কামরা! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের | Fire Breaks Out in Four Coaches of Karmabhoomi Express in Punjab, No Casualties Reported - 24 Ghanta Bangla News
Home

Train Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে ট্রেন, ভস্মীভূত একের পর এক কামরা! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের | Fire Breaks Out in Four Coaches of Karmabhoomi Express in Punjab, No Casualties Reported

Spread the love

পাটিয়ালা: চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার পঞ্জাবের সরাই বানজারা রেল স্টেশনের কাছে কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগে। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন নজরে আসে। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি কামরায়। মুহূর্তের মধ্যে চারটি কামরা আগুনের গ্রাসে চলে যায় বলে খবর। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, অমৃতসর থেকে ছেড়ে আসার পর রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা গ্রামের কাছে ট্রেনটিতে আগুন লাগে। সরাই বানজারা রেল স্টেশনের কাছেই এই ঘটনা ঘটে।

ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে একাধিক কামরা। ওই কামরাগুলি থেকে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। হাজির হন রেলের আধিকারিক এবং জরুরি পরিষেবার কর্মীরা।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি। কীভাবে আগুন লাগল এবং কীভাবে তা একাধিক কামরায় ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *