Sandeshkhali: সন্দেশখালিতে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ | Sandeshkhali Physical Assault Case: Sheikh Shahjahan Aide Arrested
উত্তর ২৪ পরগনা: ছেলেকে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে এক আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা। ঘটনার পর থেকে ধৃতের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মহিলারা। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট ১ নম্বর পঞ্চায়েতের বাউনিয়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা তাঁর ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর পথ আটকে শ্লীলতাহানি করেন শাহজাহান ঘনিষ্ঠ। ঘটনার পরেই ন্যাজাট থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা আদিবাসী মহিলা।
অভিযোগ পেতেই সক্রিয় পুলিশ। ধৃতকে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, অতীতে একাধিকবার নারী নির্যাতন ও জমি দখলের অভিযোগে সংবাদের শিরোনামে এসেছিল সন্দেশখালি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।