১৫ বছরেই সহ-অধিনায়কত্বে তাড়াহুড়ো, বৈভবকে পরামর্শ সচিনের

কলকাতা: মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে একের পর এক নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি এবার তাঁর নেতৃত্বের দায়িত্ব নিয়েও শুরু…
কলকাতা: মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে একের পর এক নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি এবার তাঁর নেতৃত্বের দায়িত্ব নিয়েও শুরু হয়েছে চর্চা। তবে এত কম বয়সে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাঁর মতে, এখনই বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া কিছুটা তাড়াহুড়ো হয়ে গিয়েছে। বরং আগে লাল বলের ক্রিকেটে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত তরুণ ব্যাটারকে।
মঙ্গলবার Reddit-এ একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন সচিন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি? উত্তরে সচিন লেখেন, “আমার মনে হয়, দলীপ ট্রফিতে ওকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে ওকে আরও বেশি ম্যাচ খেলতে দিতে হবে। একবারে একটি করে ধাপ এগোনোই উচিত।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দলীপ ট্রফিতে East Zone-এর সহ-অধিনায়ক করা হয়েছিল বৈভবকে। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে নজর কেড়েছে সে। আইপিএলেও একটি মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের কৃতিত্ব অর্জন করেছে এই কিশোর। তার প্রতিভায় মুগ্ধ হয়ে রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা ক্রিকেটারও তাকে ‘জেনারেশনাল ট্যালেন্ট’ বলে উল্লেখ করেছেন।
জো রুটের প্রশংসায় সচিন
Reddit-এর ওই আলোচনায় বর্তমান সময়ের পছন্দের বিদেশি ব্যাটারদের নামও জানতে চাওয়া হয় সচিনের কাছে। উত্তরে তিনি Harry Brook, Joe Root এবং Steve Smith-এর নাম উল্লেখ করেন।
টেস্ট ক্রিকেটে সচিনের রানের রেকর্ডের দিকে এগিয়ে চলেছেন জো রুট। তাঁকে নিয়ে সচিনের কী মত, সেই প্রশ্নের উত্তরে মাস্টার ব্লাস্টার বলেন, “আমি সবসময়ই ওকে অত্যন্ত উঁচু মানের ব্যাটার বলে মনে করেছি। ওর প্রথম টেস্ট ম্যাচেই আমার মনে হয়েছিল, ও অনেক বড় জায়গায় পৌঁছবে।”
বৈভবের সুযোগ পাওয়া নিয়ে কী বলছেন গম্ভীর?
অন্যদিকে, ভারতীয় দলে বৈভবের সুযোগ পাওয়া নিয়েও আলোচনা চলছে। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এখনও নিয়মিত সুযোগের অপেক্ষায় থাকতে হচ্ছে এই কিশোরকে। চলতি বছরের শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সঞ্জু ও অভিষেক।
রবিবার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেককে খুশি করা তাঁর কাজ নয়। তাঁর কথায়, “প্রথমেই বলি, আমার কাজ সবাইকে খুশি করা নয়। আমার কাজ সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নয়। সেই দায়িত্ব পালন করতেই আমি এখানে রয়েছি।”
দলের মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখার উপরেও জোর দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে যাঁরা ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, তাঁদের আরও বেশি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে।
গম্ভীর বলেন, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। কিন্তু তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ড্রেসিংরুমের মধ্যে প্রত্যেক ক্রিকেটারের জন্য নিরাপত্তার অনুভূতি তৈরি করা। দলে প্রতিভার অভাব নেই ঠিকই, তবে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফরম্যান্স করা ক্রিকেটারদের উপর আস্থা রাখা প্রয়োজন।
বৈভবের প্রতিভা নিয়ে ক্রিকেট মহলে প্রত্যাশা তুঙ্গে। তবে সচিনের বক্তব্য, প্রতিভার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের জন্যও সময় দেওয়া জরুরি। মাত্র ১৫ বছর বয়সে নেতৃত্বের দায়িত্বের চেয়ে লাল বলের ক্রিকেটে নিজেকে আরও পরিণত করে তোলাই আপাতত বৈভবের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.