‘অপদার্থ’ তকমা থেকে কোহলিকে বোল্ড করা, রঞ্জির ৭ ইনিংসে ২৭ উইকেট নিয়ে শিরোনামে কার্তিক
৭ ইনিংসে ২৭ উইকেট, তিন বার পাঁচ উইকেট
২০২৬-২৭ মরশুমের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন কার্তিক। সাত ইনিংসে তাঁর ঝুলিতে ২৭টি উইকেট। এর মধ্যে তিন বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। বিহারের বিরুদ্ধে ছয় উইকেট নেওয়ার পর গোয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেন কার্তিক। এর পর বরোদার বিরুদ্ধেও পাঁচ উইকেট সংগ্রহ তাঁর। অর্থাৎ, সাতটি ইনিংসের মধ্যে তিনটিতেই পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন এই বোলার। একটি ইনিংসে নিয়েছেন চার উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে চলতি রঞ্জি মরশুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি কার্তিক।
নেটে বিরাটকে বোল্ড করে নজরে এসেছিলেন
তবে এই প্রথম নয়, এর আগেও নিজের বোলিংয়ের জন্য আলোচনায় এসেছিলেন কার্তিক। দু’বছর আগে কানপুরের নেটে বিরাট কোহলিকে (Virat Kohli) ক্লিন বোল্ড করে নজর কেড়েছিলেন তিনি। বাংলাদেশ (Bangladesh) দলের বিরুদ্ধে কানপুর টেস্টের আগে নেট বোলার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কার্তিক। সেই সময়ই তাঁর বলে বোল্ড হন বিরাট। UPT20 লিগ চলাকালীন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন কার্তিক। তিনি বলেছিলেন, ‘বিরাট স্যর আমার সেই বল বা মুহূর্তটার কথা মনে রেখেছেন কি না, জানি না। তবে আমার কাছে সেটা সারা জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে।’